জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে তৃতীয় স্থান অর্জন করেছে লালমনিরহাট সদর উপজেলার শিবরাম আদর্শ পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাহিয়া তাসনীম নুহা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। এর আগে মঙ্গলবার উপজেলার গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ে উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিচারক বাবু মোল্লা বলেন, তাহিয়া তাসনীম নুহার আবৃত্তিতে আত্মবিশ্বাস, স্পষ্ট উচ্চারণ ও সুন্দর উপস্থাপনা ছিল। বয়স বিবেচনায় তার প্রস্তুতি ও পরিবেশনা প্রশংসনীয়। নিয়মিত অনুশীলনের পাশাপাশি কবিতার ভাব ও বক্তব্য বুঝে আবৃত্তি করলে আরও ভালো করা সম্ভব। নুহার মধ্যে সে সম্ভাবনা রয়েছে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল রাইয়ান কাজী। দ্বিতীয় হয়েছে বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী উম্মে তাসনিমা। তৃতীয় স্থান অর্জন করেছে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাহিয়া তাসনীম নুহা।
নুহার মা ও স্কুলশিক্ষিকা শাহানা বেগম বলেন, ছোটবেলা থেকেই নুহার কবিতা ও আবৃত্তির প্রতি আগ্রহ রয়েছে। কোনো কবিতা আবৃত্তি করার আগে সে মনোযোগ দিয়ে অনুশীলন করে। মেয়ের এই অর্জনে তারা আনন্দিত। পুরস্কারের পাশাপাশি তার আত্মবিশ্বাস ও সৃজনশীলতা আরও বিকশিত হোক, এটাই তাদের প্রত্যাশা। ভবিষ্যতে আরও ভালো করার জন্য তাকে উৎসাহ দিয়ে যাবেন বলেও জানান তিনি।
শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, তাহিয়া তাসনীম নুহার এই সাফল্য বিদ্যালয়ের জন্য আনন্দ ও গর্বের। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়। নুহার এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত করবে। তার প্রতিভা বিকাশে বিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।