মুন্সীগঞ্জের গজারিয়ায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
গত শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের টেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সম্ভ্রম বাঁচাতে ওই গৃহবধূ ব্লেড দিয়ে পাল্টা আঘাত করলে অভিযুক্ত ব্যক্তি আহত হয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, টেকপাড়া পূর্বপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক হাতেম আলী জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে ওই গৃহবধূর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গৃহবধূ যখন রান্নাঘরের কাজ সেরে ঘরে ফেরেন তখন সুযোগ বুঝে হাতেম আলী তার ঘরে প্রবেশ করেন। পাশে কক্ষে সন্তানরা পড়তে থাকায় এবং ঘরে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি গৃহবধূর মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘উদ্দেশ্য বেগতিক দেখে আমি আত্মরক্ষার্থে হাতের কাছে থাকা ব্লেড তুলে নিই। ধস্তাধস্তির একপর্যায়ে সম্ভ্রম বাঁচাতে আমি তার শরীরের নিম্নাংশে আঘাত করি। লোকলজ্জার ভয়ে সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে অভিযুক্ত হাতেম আলী একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।’
এদিকে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন, ‘একজন মসজিদ কমিটির দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন ন্যাক্কারজনক আচরণ কোনোভাবেই কাম্য নয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং তাকে অতিদ্রুত কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।’
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘আমরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্তে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধ মিটিয়ে দেওয়ার কথা বলে ওই ব্যক্তির ঘরে প্রবেশ এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
