শুক্রবার (২ অক্টোবর) দুপুরে কক্সবাজার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর পর তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
গ্রেপ্তার নাসির উদ্দিন মৃধা জর্জের বয়স ৫২ বছর। তিনি শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে। অপর গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের বয়স ৪৪ বছর। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন শেখের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলার আসামি নাসির উদ্দিন মৃধা জর্জ ও জাহাঙ্গীর আলম কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় ফিরছেন।
পরে শুক্রবার দুপুর দেড়টার দিকে তাঁদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে পুলিশ দুজনকে হেফাজতে নেয়। মামলাসংক্রান্ত তথ্য যাচাই-বাছাই শেষে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাগুলোকে জানানো হয়েছে।
শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, গ্রেপ্তার দুজনকে শ্রীপুরে নিয়ে আসতে থানা পুলিশের একটি দল বিমানবন্দর থানায় পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী আইনগত প্রক্রিয়া সংশ্লিষ্ট মামলাগুলো অনুযায়ী সম্পন্ন করা হবে।