ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। সেই সময়ের একটি সত্য ঘটনা এবার উঠে আসছে বড় পর্দায়। সেকালের সেই গল্পকে একালের সিনেমার ভাষায় দর্শকদের সামনে তুলে ধরছে চলচ্চিত্র ‘চিরকুট’।
চলচ্চিত্রটির পোস্টার উন্মোচন উপলক্ষে সম্প্রতি ফিল্ম ম্যানিয়ার নিকেতন কার্যালয়ে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে শুরু হলো ‘চিরকুট’-এর আনুষ্ঠানিক প্রচারণার নতুন অধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক সমিতির সাবেক সভাপতি ও চলচ্চিত্র পরিচালক খোরশেদ আলম খসরু এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী ও লেখক লুৎফর হাসান।
এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা মুনতাসির আকিব। অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে ছিলেন শ্যামল মাওলা, আজিজুন মীম, সুমন পাটোয়ারী, সিয়াম নাসির, মাহিরা হাসান, সাদি খান, শামীম আহসান ও ইমু। এছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী স্নেহাশিস চক্রবর্তী অভি, সংগীত পরিচালক অভিষেক ভট্টাচার্যসহ চলচ্চিত্র অঙ্গনের আরও অনেকে।
নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গল্প
‘চিরকুট’-এর গল্পের পটভূমি নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই সময়ের ক্যাম্পাস, শিক্ষার্থীদের জীবনযাপন, বন্ধুত্ব, সম্পর্ক, আবেগ এবং একটি সত্য ঘটনার স্মৃতিকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে সিনেমাটি। চলচ্চিত্রটির মাধ্যমে হারিয়ে যাওয়া একটি সময়কে বর্তমান প্রজন্মের দর্শকদের সামনে নতুন করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
চলচ্চিত্রটির অন্যতম আকর্ষণ এর বিশাল অভিনয়শিল্পী দল। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মীম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আব্দুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান, ইব্রাহিম সুজনসহ আরও অনেকে।
শুধু পেশাদার অভিনয়শিল্পীরাই নন, ‘চিরকুট’-এর সঙ্গে যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী। চলচ্চিত্রটিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ থেকে ৩০০ জন শিক্ষার্থী অভিনয় করেছেন। ফলে সিনেমাটিতে শুধু গল্পের সময়কালই নয়, তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আবহও বড় পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
চারটি গান, কণ্ঠে জনপ্রিয় শিল্পীরা
‘চিরকুট’-এর অন্যতম আকর্ষণ এর সংগীত। চলচ্চিত্রটিতে রয়েছে চারটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী রেহান রাসুল, মাশা,স্নেহাশিস চক্রবর্তী অভি,মেহেদী সরকার, রাকিব ও ঐশী। চলচ্চিত্রটির গানগুলোর কথা লিখেছেন লুৎফর হাসান, পুলক অনিল, স্নেহাশিস চক্রবর্তী অভি ও মেহেদী সরকার। সংগীত আয়োজনে ছিলেন শান্ত, অভিষেক ভট্টাচার্য, খৈয়াম সানু সন্ধি ও মেহেদী সরকার।