চট্টগ্রাম বন্দর থেকে ধ্বংসের জন্য নারায়ণগঞ্জে নেওয়ার পথে বিপজ্জনক রাসায়নিক ও অ্যাসিডভর্তি একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বন্দর থানাধীন মালিবাগ এলাকায় ঢাকা অভিমুখী সড়কে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাভার্ড ভ্যানটির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লাখ টাকা পরিমাণ ক্ষতি এবং ২০ লাখ টাকার মালামাল উদ্ধারের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ জাহেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানটির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ইঞ্জিনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে ভেতরে থাকা কেমিক্যাল বা অ্যাসিডে ড্রামে আগুন লাগেনি। তবে ড্রাম গুলো খালি নাকি ভরা ছিলো সে বিষয় আমরা শিউর না, গাড়ির চালক ও হেলপার নিরাপদে আছেন।
জানা গেছে, কাভার্ড ভ্যানটিতে চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী যাত্রামুড়ায় অবস্থিত ওয়াটা কেমিক্যালসের উদ্দেশ্যে রাসায়নিকের ড্রামগুলো নেওয়া হচ্ছিল। এসব রাসায়নিক দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে ছিল। ধ্বংসের উদ্দেশ্যে সেগুলো বিশেষ নিরাপত্তাব্যবস্থায় নারায়ণগঞ্জে স্থানান্তর করা হচ্ছে। অগ্নিকাণ্ডের পর কাভার্ড ভ্যানটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।