দীর্ঘ বিরতির পর নতুন গানে শ্রোতাদের সামনে ফিরেছেন বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। প্রেম, বিচ্ছেদ আর অভিমানের অনুভূতি নিয়ে তৈরি ‘ভুলে গেছি তোমাকে’ শিরোনামের গানটি প্রকাশের পর এরই মধ্যে আলোচনায় এসেছে।
নতুন এই আয়োজনে আবারও পুরোনো সুরসঙ্গী রাজেশ ঘোষের সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় এই শিল্পী। ‘মন থেকে উঠে গেছো তুমি, ভুলে গেছি আমি তোমাকে; নেই ভালোবাসা বলে কিছু, বুঝেছি ভালোবেসে ঠকে’- এমন কথায় সাজানো গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গানটির সুর করেছেন রাজেশ ঘোষ। সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।
ইয়ামিন এলানের পরিচালনায় গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিওতে নিজেই অংশ নিয়েছেন আসিফ আকবর। আর আর মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘ভুলে গেছি তোমাকে’।
নতুন গানটির অন্যতম আকর্ষণ আসিফ-রাজেশের পুরোনো বোঝাপড়া। আসিফ আকবরের সংগীত ক্যারিয়ারের বেশ কিছু জনপ্রিয় গানের সুর করেছেন রাজেশ ঘোষ। দীর্ঘ সময় পর আবারও তার সুরে কণ্ঠ দিলেন আসিফ। ফলে নতুন গানটিকে ঘিরে শ্রোতাদের আগ্রহও তৈরি হয়েছে।
গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘অনেক দিন পর রাজেশ ঘোষের সুরে গান গাইলাম। আমার সংগীত ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় কিছু গানের সুরকার তিনি। তার সঙ্গে আমার বোঝাপড়াটাও অনেক দিনের। আশা করছি, আমাদের এই পুরোনো শিল্পী-সুরকার জুটির নতুন আয়োজনটি সংগীতপ্রেমীদের ভালো লাগবে এবং প্রত্যাশা পূরণ করবে।’
গান প্রকাশের ব্যস্ততার মধ্যেই বিদেশ সফরের প্রস্তুতিও নিচ্ছেন আসিফ আকবর। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘বাংলাদেশ উৎসব ২০২৬’-এ অংশ নিতে দেশটিতে যাচ্ছেন তিনি। ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (আইবিসিকে)-এর আয়োজনে অনুষ্ঠিত হবে এই উৎসব।
আগামী ১০ অক্টোবর ইনচিওনের সামসান ওয়ার্ল্ড জিমনেসিয়ামে বসবে ‘বাংলাদেশ উৎসব ২০২৬’-এর আসর। সেখানে দর্শকদের জন্য গান পরিবেশন করবেন আসিফ আকবর।