বিশ্ব ডাক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ ও আগামীকাল ডাক বিভাগের সব পর্যায়ের কার্যালয়ে সাধারণ ডাকসেবা দেওয়া হচ্ছে। তবে এ কার্যক্রমের বাইরে থাকছে সঞ্চয় ব্যাংকসেবা। একই সঙ্গে আজ ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী পালিত হচ্ছে ‘ডাকসেবা সপ্তাহ’।
ডাকসেবা সপ্তাহ উপলক্ষে কক্সবাজার সমুদ্রসৈকতে বিশেষ চিঠি উৎসবের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ডাকটিকিট সংগ্রহ ও প্রদর্শনী (ফিলাটেলিক প্রদর্শনী) এবং ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হয়েছে।
ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তি ও বিস্তৃত ডাক নেটওয়ার্ক কাজে লাগিয়ে জনগণের দোরগোড়ায় দ্রুত, সাশ্রয়ী ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য।
বর্তমানে ঐতিহ্যবাহী ডাকসেবার পাশাপাশি প্রযুক্তিনির্ভর, দক্ষ ও জনবান্ধব লজিস্টিকস সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে কাজ করছে বাংলাদেশ ডাক বিভাগ। পরিবর্তিত প্রযুক্তিগত বাস্তবতায় ডাকসেবার পরিধি বাড়ানো এবং মানুষের দৈনন্দিন চাহিদা অনুযায়ী সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নে ডাক ব্যবস্থার ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালন করা হয়। ১৮৭৪ সালের ৯ অক্টোবর ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রতিষ্ঠিত হয়। এ ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে ১৯৬৯ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ইউপিইউ কংগ্রেসে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.