নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ওয়াপদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে রনি ও আসলাম নামে দুজনের বিরুদ্ধে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী সাহেব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ইত্তেহাদ টাওয়ারের সামনে সাহেব আলীকে গুলি করা হয়। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় তিনি উত্তেজিত অবস্থায় ছিলেন। একপর্যায়ে রনি তাকে লক্ষ্য করে মাথায় গুলি করেন বলে অভিযোগ রয়েছে। গুলিবিদ্ধ হয়ে সাহেব আলী পাশের একটি খালে পড়ে গেলে তাকে লক্ষ্য করে আরও দুটি গুলি ছোড়া হয় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। সব মিলিয়ে তাকে তিনটি গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে কী কারণে সাহেব আলীর ওপর হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এর আগে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের সাতটি, মাদকদ্রব্য-সংক্রান্ত দুটি, নারী ও শিশু নির্যাতনের একটি, সন্ত্রাসবিরোধী আইন ও নাশকতার তিনটি, সরকারি কাজে বাধা দেওয়ার পাঁচটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ছদ্মবেশে ডাকাতির দুটি মামলা রয়েছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.