শিশুশিল্পী হিসেবে দেশের শোবিজে পরিচিত মুখ সিমরিন লুবাবা মাত্র ১৫ বছর বয়সেই বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেন।
এর আগে গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছিলেন লুবাবা। নিজের জীবনে বড় ধরনের পরিবর্তন আনার পর এবার নতুন এক অধ্যায় শুরু করলেন তিনি। যদিও অভিনয় থেকে দূরে সরে গেছেন, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় ছিলেন।
বিয়ের বিষয়টি জানিয়ে ফেসবুকে একটি ছবি শেয়ার করে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা—দুনিয়া ও আখিরাতের জন্য। আল্লাহ আমাকে এমন একজন সঙ্গী দিয়েছেন, যার সঙ্গে আমি দ্বীন শেখার পথে এগোতে পারব।’
জীবনের এত বড় এ সুখবরটি সবার সঙ্গে ভাগ করে নেওয়ার পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন লুবাবা।
এদিকে দীর্ঘদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে তিনি নিজের এই আধ্যাত্মিক পরিবর্তনের কথা ভক্তদের জানিয়েছিলেন।
কুশল/সাএ
