জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ইন্টারপোলের প্রেরিত বিশেষ বার্তার (মেইল) মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) গ্রেফতারের বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর কাতার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এর আগে শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।
দায়েরকৃত প্রথম মামলায় অভিযোগ আনা হয়, বিমানবাহিনীর সাবেক এই প্রধান বৈাধ আয়ের উৎসের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তাঁর নিয়ন্ত্রণাধীন ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পায় অনুসন্ধানকারী টিম।
অন্যদিকে, দ্বিতীয় মামলায় তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। তদন্তে তাঁর ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করার অভিযোগে শেখ আব্দুল হান্নানকেও এই মামলায় আসামি করা হয়েছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.