‘বিমল ইলাইচি’র বিজ্ঞাপন নিয়ে আদালতে অজয় দেবগণ

‘বিমল ইলাইচি’র বিজ্ঞাপন নিয়ে আদালতে অজয় দেবগণ

‘বিমল ইলাইচি’র বিজ্ঞাপন ঘিরে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) পাঠানো শোকজ নোটিশকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী ৪ নভেম্বর মামলাটির শুনানি হতে পারে।

মহারাষ্ট্র এফডিএর অভিযোগ, অজয় দেবগণ, শাহরুখ খান ও টাইগার শ্রফ অভিনীত ‘বিমল ইলাইচি’র বিজ্ঞাপনটি মূলত রাজ্যে নিষিদ্ধ ‘বিমল প্যান মসলা’র পরোক্ষ প্রচার। এ কারণে তাঁদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে অজয় দেবগণকে শোকজ নোটিশ পাঠিয়েছিল সংস্থাটি।

ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন অজয়। একই সঙ্গে খাদ্য সুরক্ষা আইনের কয়েকটি বিধানের সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আবেদনে অজয়ের যুক্তি, সংশ্লিষ্ট পণ্যের প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে নোটিশ না দিয়ে শুধু বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত একজন অভিনেতাকে লক্ষ্যবস্তু করা অযৌক্তিক। বর্তমানে ওই ব্র্যান্ডের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই বলেও আবেদনে উল্লেখ করেছেন তিনি।

বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে ‘বিমল ইলাইচি’র মূল লাইসেন্সধারী প্রতিষ্ঠান পিবি অ্যাগ্রো এলএলপি এফডিএর নোটিশ বাতিলের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টে গিয়েছিল। তবে আদালত জানায়, বিষয়টি মহারাষ্ট্র এফডিএর সঙ্গে সম্পর্কিত হওয়ায় মহারাষ্ট্রের আদালতেই এর শুনানি হওয়া উচিত। এরপর বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অজয় দেবগণ।

এদিকে মহারাষ্ট্র এফডিএর কমিশনার তুকারাম মুন্ধে জানিয়েছেন, তিন অভিনেতার বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগের তদন্ত শেষ হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · বিনোদন