সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও একটি হারকিউলিস বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত মঙ্গলবার ও বুধবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীন কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা ও গাজীপুর বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৬ আরবি থেকে প্রায় ২০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালি এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দল বোয়ালিয়া মোড় এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। এ ছাড়া গাজীপুর বিওপির দল সীমান্ত পিলার ৪-এর ৬ এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুরিঘাটা এলাকা থেকে ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও একটি হারকিউলিস বাইসাইকেল জব্দ করে।
বিজিবির ভাষ্য, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বিজিবির এ অভিযানের প্রশংসা করেছেন এবং এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
সূত্র: Daily Bangladesh





