প্রবাসীদের কল্যাণে দূতাবাসের সঙ্গে কাজ করতে চায় পর্তুগাল বাংলা প্রেসক্লাব

প্রবাসীদের কল্যাণে দূতাবাসের সঙ্গে কাজ করতে চায় পর্তুগাল বাংলা প্রেসক্লাব

পর্তুগালে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের দেশটির সমাজে একীভূতকরণ, প্রবাসীদের কল্যাণ এবং বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে পর্তুগাল বাংলা প্রেসক্লাব।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ আগ্রহের কথা জানায় প্রেসক্লাবের নেতারা।

বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি-দাওয়া, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় রাষ্ট্রদূত পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন সমন্বিত উদ্যোগ নিয়েও আলোচনা করেন তিনি। পাশাপাশি প্রবাসী সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে দূতাবাসের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন মিনিস্টার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, থার্ড সেক্রেটারি (পলিটিক্যাল অ্যান্ড কনস্যুলার) শাহেদ হোসেন এবং হেড অব চ্যান্সারি এস এম গোলাম সারওয়ার।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাসেল আহম্মেদ, সাবেক সভাপতি রনি মোহাম্মদ, সংগঠনের সাধারণ সম্পাদক শহীদ আহম্মেদ প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ, সদস্য মহি উদ্দিন, সাইফুল ইসলাম ও নোটিসিয়াস বাংলার হেড অব মাল্টিমিডিয়া আর এ ইহসান।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · প্রবাস