ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। কাচের প্যানেলভর্তি ভারী কাঠের বাক্সের নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাই এলাকার মস্ক রোডে একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানের চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তারা ওই প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
মরিশাসের সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে শ্রমিকেরা একটি কন্টেইনার থেকে কাচের প্যানেলভর্তি কাঠের বাক্স নামাচ্ছিলেন। এ সময় হঠাৎ বাক্সগুলো তাদের ওপর পড়ে। এতে কন্টেইনারের ভেতরেই চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রতিটি কাঠের বাক্স ছিল আট ফুট লম্বা ও ছয় ফুট চওড়া। বাক্সগুলোর ভেতরে ছয় মিলিমিটার পুরুত্বের একাধিক কাচের প্যানেল ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
খবর পেয়ে প্লেইন-দে-পাপাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। তাদের সহায়তায় বাক্সের নিচে আটকে থাকা তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দেশটির শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের উদ্যোগ নিয়েছেন। কর্মক্ষেত্রে নিরাপত্তাবিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না এবং শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সংশ্লিষ্ট নিয়োগকর্তাকে। পরিবারের সদস্যরা চাইলে মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যয়ও বহন করতে হবে প্রতিষ্ঠানটিকে।
সূত্র: Daily Bangladesh · প্রবাস





