সরাসরি ওয়াশিংটনে বো*মা হামলার পরিকল্পনা করছে ইরান

সরাসরি ওয়াশিংটনে বো*মা হামলার পরিকল্পনা করছে ইরান

ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ বা তেজস্ক্রিয় পদার্থ ছড়াতে সক্ষম বিস্ফোরক হামলার পরিকল্পনা করছে ইরান। সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে পাওয়া নতুন গোয়েন্দা তথ্যে এমন আশঙ্কার কথা উঠে এসেছে। তবে ইরান বাস্তবে এ ধরনের হামলা চালানোর সক্ষমতা রাখে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত সূত্রগুলো বলছে, ইরানের এই পরিকল্পনা তাৎক্ষণিক হামলার ইঙ্গিত না-ও হতে পারে। বরং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বিকল্প প্রস্তুত রাখার কৌশল হতে পারে এটি। তবে দুটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাতে আসা তথ্য বেশ সুনির্দিষ্ট। এতে সম্ভাব্য হামলার স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ রয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রে জরুরি নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সম্ভাব্য হুমকির ওপর নজর রাখছে। তবে এই মুহূর্তে মার্কিন ভূখণ্ডের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।

মার্কিন কর্মকর্তারা মনে করছেন, চলমান সামরিক অভিযান ও অর্থনৈতিক অবরোধের চাপে থাকা ইরান সংঘাত আরও বাড়ানোর চেষ্টা করতে পারে। তবে ইরান যুক্তরাষ্ট্রের ভেতরে হামলার পরিকল্পনা করলেও তা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। একটি সূত্রের ভাষ্য, এ ধরনের হামলা চালানোর মতো পর্যাপ্ত লোকবল ইরানের রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। তবে নতুন এই গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।

সূত্রগুলো জানিয়েছে, সম্ভাব্য হুমকি মোকাবিলায় গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা একাধিক বৈঠক করেছেন। এরই মধ্যে নিরাপত্তাঝুঁকির কারণে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে গত সপ্তাহে সামরিক আবাসনে সরিয়ে নিয়েছে সিক্রেট সার্ভিস।

ইরানের বিরুদ্ধে এর আগেও বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্পকে ভাড়াটে খুনির মাধ্যমে হত্যার পরিকল্পনার অভিযোগও ছিল। এসব তৎপরতা মূলত বিদেশ সফরের সময় মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ওপর কেন্দ্রীভূত ছিল।

মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, অপ্রচলিত অস্ত্রের হামলা মোকাবিলায় দেশটি ঝুঁকির মধ্যে রয়েছে। প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে ডার্টি বোমা তৈরি করা যায়। এ ধরনের হামলা চালাতে বিদেশ থেকে প্রশিক্ষিত কর্মী আনার প্রয়োজন না-ও হতে পারে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত কাউকে ব্যবহার করেও হামলার চেষ্টা করা সম্ভব।

একটি সূত্রের দাবি, মার্কিন গোয়েন্দারা ইরানের এমন কিছু কথোপকথন শনাক্ত করেছেন, যেখানে যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির সরঞ্জাম মজুত থাকার কথা বলা হয়েছে। কর্মকর্তাদের ধারণা, ইরান আগে থেকেই দেশটিতে পারমাণবিক উপাদান বা রাসায়নিক এজেন্ট মজুত করে রাখতে পারে।

গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত একটি সূত্রের দাবি, গত এক দশকে যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তায় দুর্বলতার সুযোগ নিয়ে দেশটির ভেতরে হামলার সরঞ্জাম সংগ্রহ ও স্থাপনে সক্ষম ব্যক্তিদের প্রবেশ করানো সহজ হয়েছে।

আরেকটি সূত্র জানিয়েছে, অনেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা মনে করেন, আগে থেকে মজুত করা কিছু পারমাণবিক উপাদান বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকতে পারে। তাদের মতে, ইরানের সক্ষমতার চেয়ে হামলার উদ্দেশ্য ও মনোভাবের পরিবর্তনই এখন বেশি উদ্বেগের বিষয়।

এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিলেও সংশ্লিষ্ট দপ্তর মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের এক মুখপাত্র অভিযোগ অস্বীকার করে বলেছেন, ইরান যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে অবৈধ মনে করে। এ ধরনের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেছে দেশটি। তবে ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্যের বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেয়নি ইরান।

বিশেষজ্ঞদের মতে, ডার্টি বোমা পারমাণবিক বোমার মতো নয়। পারমাণবিক বোমা যেখানে ফিশন বিক্রিয়ার মাধ্যমে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়, সেখানে ডার্টি বোমা প্রচলিত বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেয়। এতে বিস্ফোরণের পাশাপাশি তেজস্ক্রিয় দূষণ ও আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। তবে এ ধরনের অস্ত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রয়োজনীয় তেজস্ক্রিয় পদার্থ সংগ্রহ করা।

নতুন গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত একটি সূত্রের মতে, এ ধরনের অস্ত্রের মূল উদ্দেশ্য ব্যাপক আতঙ্ক তৈরি করা। এতে মানুষ গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে এবং কোনো নির্দিষ্ট এলাকা বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে।

এদিকে বিদেশি নাগরিকদের যোগাযোগ পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ নজরদারি আইনের মেয়াদ গত জুনে শেষ হয়েছে। হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে মতবিরোধের কারণে আইনটি নবায়ন করা সম্ভব হয়নি। যদিও জুনের আগে অনুমোদিত নজরদারি আদেশগুলো ২০২৭ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। তবে আইনটি পুনরায় অনুমোদন না পেলে সন্ত্রাসী ষড়যন্ত্র শনাক্ত করার গুরুত্বপূর্ণ সক্ষমতা হারানোর আশঙ্কা করছেন মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা।

গত সপ্তাহে অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ, জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ কংগ্রেসের উভয় দলের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে আইনটি পুনরায় অনুমোদনের আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, এ বিষয়ে বিলম্ব হলে যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা নাগরিক এবং বিদেশে দায়িত্ব পালনরত মার্কিন সেনাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধেও ইরান রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ওপর নজর রাখছেন কর্মকর্তারা। এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। কয়েকজন মার্কিন কর্মকর্তার দাবি, এ ধরনের হামলা মোকাবিলায় ওই অঞ্চলে দায়িত্ব পালনরত সেনাদের পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ও প্রশিক্ষণ নেই। এ উদ্বেগ থেকে কূটনৈতিক ও গোয়েন্দা কর্মীদের জন্যও জরুরি নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হচ্ছে।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই নতুন এই হুমকির তথ্য সামনে এসেছে। মার্কিন অবরোধ প্রত্যাহার ও সংঘাত বন্ধের বিষয়ে দুই দেশের আলোচনা এখনো কোনো সমাধানে পৌঁছায়নি। আঞ্চলিক একটি সূত্রের মতে, আগামী কয়েক সপ্তাহ যেকোনো সমঝোতার জন্য গুরুত্বপূর্ণ। এ সময় ইরানের কট্টরপন্থি বা শাসকগোষ্ঠীর ভেতরের বিদ্রোহী অংশগুলো সংঘাত দীর্ঘায়িত করতে হামলা চালাতে পারে।

এক মার্কিন কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যে এ ধরনের অস্ত্র ব্যবহার করলে ইরানকে বড় ধরনের পাল্টা আঘাতের মুখে পড়তে হতে পারে। তবে ইরানি নেতারা যদি মনে করেন, তাঁদের শাসনব্যবস্থার অস্তিত্ব হুমকির মুখে, তাহলে তাঁরা এমন ঝুঁকি নিতেও পারেন।

সূত্র: সিএনএন

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · আন্তর্জাতিক