জেনিফার লোপেজের স্বচ্ছ পোশাকে যা জানাল ভক্তরা

জেনিফার লোপেজের স্বচ্ছ পোশাকে যা জানাল ভক্তরা

হলিউড তারকা জেনিফার লোপেজ ৫৭ বছর বয়সেও সাহসী ফ্যাশনে ভক্তদের মুগ্ধ করে চলেছেন। নিউইয়র্কে একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে স্বচ্ছ বডিস্যুট ও প্যান্টলেস লুকে হাজির হয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই গায়িকা ও অভিনেত্রী।
মঙ্গলবার নিউইয়র্কে সিরিয়াসএক্সএমের ‘ফ্রন্ট রো’ অনুষ্ঠানে অংশ নেন লোপেজ। এ সময় তার পরনে ছিল মার্ক জ্যাকবসের নকশা করা জেড সবুজ রঙের স্বচ্ছ টপ এবং বাদামি রঙের স্বচ্ছ হাইওয়েস্টেড টাইটস। কোমরে ছিল একাধিক চেইন বেল্ট।
পোশাকের সঙ্গে বাদামি জ্যাকেট, নীলচে সবুজ ক্লাচ ব্যাগ, গাঢ় বেগুনি রঙের পাম্পস ও গলায় চোকার নেকলেস পরেছিলেন তিনি। মাঝখানে সিঁথি করা সোজা চুল আর হালকা মেকআপে সাজ সম্পন্ন করেন এই তারকা।
অনুষ্ঠানে ফ্যাশনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন লোপেজ। চারবার বিয়ে ও বিচ্ছেদের অভিজ্ঞতা থেকে কী শিখেছেন, সে প্রসঙ্গে তিনি জানান, অতীতের সম্পর্কগুলো থেকে শিক্ষা নিতে তার কিছুটা সময় লেগেছে। তবে বিষয়টি নিয়ে তার কোনো আক্ষেপ নেই।
লোপেজ বলেন, প্রতিটি সম্পর্কেই ভালোবাসা, কষ্ট ও শেখার অভিজ্ঞতা ছিল। অন্যরা তার সঙ্গে কী করেছে, সেটি বড় কথা নয়। বরং নিজের ভূমিকা, সম্পর্কের পরিস্থিতি এবং নিজেকে বোঝার বিষয়টিই বেশি গুরুত্বপূর্ণ। প্রতিবারই নিজের সম্পর্কে নতুন করে জানার চেষ্টা করেছেন তিনি।
জীবনে চারজনকে বিয়ে করেছেন জেনিফার লোপেজ। তারা হলেন ওজানি নোয়া, ক্রিস জাড, মার্ক অ্যান্থনি এবং সর্বশেষ বেন অ্যাফ্লেক। মার্ক অ্যান্থনির সঙ্গে তার ১৮ বছর বয়সী যমজ সন্তান ম্যাক্স ও এমি রয়েছে।
এর আগে গত ১৫ নভেম্বর নিউইয়র্কের ৯২এনওয়াই আয়োজিত এক অনুষ্ঠানে অভিনেত্রী র‍্যাচেল জেগলারের সঙ্গে আলাপচারিতায় নিজের চারবার বিয়ে ও বিচ্ছেদের প্রসঙ্গ তুলেছিলেন লোপেজ। সে সময় দর্শকসারির একজন মজা করে বলে ওঠেন, ‘তোমার তো আরও ছয়টি আঙুল বাকি!’ মন্তব্যটি শুনে হেসে ফেলেন অভিনেত্রী।
পরে সিরিয়াসএক্সএমের উপস্থাপক নিকোল রায়ান ও রায়ান স্যাম্পসনের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য প্রসঙ্গে লোপেজ জানান, জীবনে শোনা সবচেয়ে মজার কথাগুলোর একটি ছিল সেটি।
আসন্ন কনসার্ট চলচ্চিত্র ‘দ্য জে লো শো: লাইভ ইন লাস ভেগাস’ ঘিরেই সম্প্রতি এসব প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন জেনিফার লোপেজ। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh