ভারতের খলিস্তানপন্থী শিখ নেতা ও মার্কিন নাগরিক গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত নিখিল গুপ্তাকে ১৯ বছর ৭ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক ভিক্টর মারেরো এই সাজার রায় ঘোষণা করেন। ভারতীয় নাগরিক নিখিল আগেই নিজের অপরাধ স্বীকার করেছিলেন।
আমেরিকা ও কানাডার দ্বৈত নাগরিক খলিস্তানপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’–এর প্রতিষ্ঠাতা নেতা পান্নুনকে হত্যার চক্রান্তের এই মামলা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ফৌজদারি মামলায় নিখিল গুপ্তার সাজা হওয়ার পর এখন দেখার, ওই–সংক্রান্ত দেওয়ানি মামলায় মার্কিন আদালত কী সিদ্ধান্ত নেয়।
দেওয়ানি মামলাটি দায়ের করেছেন পান্নুন নিজে। সেই মামলায় তিনি নিখিল ও বিকাশ যাদবকে ছাড়াও জড়িয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও ‘র’–এর সাবেক প্রধান সামন্ত গোয়েলকে। তাঁদের সমন পাঠানোর জন্য মার্কিন আদালত দিল্লির তিনটি আদালতের সাহায্য চেয়েছেন।
গতকাল শুক্রবারের শুনানিতে নিখিল গুপ্তা এজলাসে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পান্নুনও। নিখিলের আইনজীবী কম সাজা দেওয়ার অনুরোধ জানানোর পাশাপাশি বিচারককে বলেছিলেন, তাঁর মক্কেলকে যেন কিছু বলার সুযোগ দেওয়া হয়। বিচারক সেই সুযোগ নিখিলকে দেন।
মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা ও মার্টিন লুথার কিংয়ের উল্লেখ করে নিখিল বলেন, তাঁদের আদর্শ অনুযায়ী তিনি জীবন কাটাতে চেয়েছিলেন। আদালতকে তিনি বলেন, ‘যে অপরাধ আমি করেছি, তা শোধরানোর আর কোনো উপায় নেই। অনুতপ্ত নিখিল এজলাসে উপস্থিত পান্নুনের দিকে তাকিয়ে তাঁর ও শিখ সম্প্রদায়ের মানুষের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, ‘আই অ্যাম স্যরি (আমি দুঃখিত)।’
৫৫ বছর বয়সী নিখিল বলেন, তাঁর জন্য তাঁর বৃদ্ধা মা, তাঁর স্ত্রী ও সন্তানদের এমন কাজের জন্য কষ্ট ভোগ করতে হয়েছে, যা তাঁরা করেননি। বিচারক যে সাজাই তাঁকে দিন, তা তিনি মেনে নেবেন। তিনি আশা করেন, ভবিষ্যতে তিনি একজন ভালো মানুষ হতে পারবেন।
পান্নুনও আদালতে বলেন, এ কারণে তিনি তাঁর আইন পেশায় মনোযোগী হতে পারেননি। ১ হাজার ২০০ দিন সে জন্য নষ্ট হয়েছে।
রায় ঘোষণার পর নিখিলের আইনজীবী হতাশা প্রকাশ করে বলেন, তাঁরা আশা করেছিলেন, নিখিলের সাজা হয়তো কম হবে।
পান্নুন হত্যার ষড়যন্ত্রের মামলায় নিখিলের ২৪ বছর কারাদণ্ড হতে পারত। তাঁর আইনজীবীরা ১২ বছরের সাজা হওয়ার আশা করেছিলেন। সে জন্য বিচারককে অনুরোধও করেছিলেন।

ঘটনার সূত্রপাত ২০২৩ সালের মে মাসে। মামলার সূত্র অনুযায়ী, ভারতের মন্ত্রিপরিষদ সচিবালয়ের অধীনে কর্মরত বিকাশ যাদব নামে এক ব্যক্তি নিখিলকে নিয়োগ করেন। অভিযোগ, পান্নুনকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার জন্য নিখিলকে দায়িত্ব দেন বিকাশ।
বিকাশ যাদবের পরামর্শ অনুযায়ী নিখিল এক ভাড়াটে খুনির সঙ্গে যোগাযোগ করেন। পরে জানা যায়, সেই ব্যক্তি যুক্তরাষ্ট্রের আন্ডার কভার এজেন্ট। ষড়যন্ত্র ফাঁস হওয়ায় নিখিলকে চেক রিপাবলিক থেকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের জুন মাসে তাঁকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।
পান্নুনের করা দেওয়ানি মামলায় অজিত দোভাল ও সামন্ত গোয়েলের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, ভারত সরকার বারবার তা ভিত্তিহীন ও মনগড়া বলে খারিজ করে দিয়েছে।
গতকাল শুক্রবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ওই বিষয়ে প্রশ্ন করা হয়। মার্কিন আদালত সমন ধরানোর জন্য দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট, দ্বারকা কোর্ট ও তিস হাজারি আদালতকে যে অনুরোধ করেছেন, সে বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, এ বিষয়ে তিনি আগেই সরকারি মনোভাব জানিয়ে দিয়েছেন। এ ধরনের ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ খারিজ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো · আন্তর্জাতিক





