বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির রাডারব্যবস্থায় গত শনিবার রাতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। উপসাগরীয় অঞ্চলে গত এক সপ্তাহে হামলা জোরদারের ধারাবাহিকতায় এ হামলা চালানো হয়েছে। এ সময়ে বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারেও হামলা হয়েছে। ভূপাতিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের ড্রোনও।
গত সাত দিনে হরমুজ প্রণালি ও এর আশপাশে অন্তত ২৫টি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হতো। কিন্তু যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
এ পরিস্থিতিতে গতকাল তেহরানে বার্ষিক পুঁজিবাজার সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে তাঁর দেশ ‘নীরব অর্থনৈতিক যুদ্ধ’ মোকাবিলা করছে।
আইআরজিসির দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ ধরনের ২০টি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে চারটি ভূপাতিত হয়েছে গত ২৪ ঘণ্টায়।
কিন্তু ইরান কেন নতুন করে হামলা জোরদার করছে? এসব হামলা কি তেহরান ও ওয়াশিংটনকে আবারও সামরিক সংঘাতের দিকে ঠেলে দেবে? নাকি বৈশ্বিক জ্বালানিসংকট তৈরি করা এ যুদ্ধের অবসান ঘটাতে দুপক্ষকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে?
গতকাল বাহরাইন জানিয়েছে, ইরানের একটি হামলায় দেশটির একটি বেসামরিক শিল্প স্থাপনায় আগুন ধরে যায়। ওই দিন পৃথক কয়েকটি হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে।
আইআরজিসির দাবি, তারা বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হামলায় যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার ধ্বংস হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র মানামার কাছে সিত্রা দ্বীপে বিধ্বস্ত হয়। এতে সেখানে বড় ধরনের আগুন লাগে।
ইরান দেখাতে চাইছে, যুক্তরাষ্ট্র নিজের স্থাপনা কিংবা আরব মিত্রদের স্থাপনা রক্ষা করতে পারছে না। এর মাধ্যমে তেহরান মার্কিন নীতিতে পরিবর্তন আনতে চায়।
রামি খুরি, পাবলিক পলিসি ফেলো, আমেরিকান ইউনিভার্সিটি, বৈরুত
আইআরজিসি আরও দাবি করেছে, ইরানের হেনগাম দ্বীপে একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা নজরদারি ও যুদ্ধক্ষমতাসম্পন্ন ড্রোনসহ বিভিন্ন উড়োজাহাজের মাধ্যমে ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘনের জবাব হিসেবে এসব হামলাকে যথাযথ জবাব বলে দাবি করছে তেহরান।

কয়েক সপ্তাহের বিরতির পর সম্প্রতি বাহরাইনে হামলা বাড়িয়েছে ইরান। গত ১২ নভেম্বর থেকে পরবর্তী ১০ দিনে এ নিয়ে চতুর্থবার বাহরাইনে মার্কিন স্থাপনা নিশানা করে হামলা চালানোর কথা জানাল ইরান।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) গত বৃহস্পতিবার জানিয়েছে, সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহে মোট ঘাটতি দাঁড়িয়েছে ২৮০ কোটি ব্যারেল। গ্যাস সরবরাহে ঘাটতি হয়েছে ৬ হাজার কোটি ঘনমিটার।
শনিবার ইরানের সেনাবাহিনী জানায়, আগের দিন শুক্রবার সন্ধ্যায় উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এতে যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ খবর জানিয়েছে।
তবে ইরানের এই দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তারা বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধবিমান নিরাপদে রয়েছে এবং সব কটির অবস্থান সম্পর্কে তারা অবগত।
গতকাল রোববার ইরানের বাহিনীগুলো আরও দাবি করেছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করেছে তারা। আইআরজিসির দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ ধরনের ২০টি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে চারটি ভূপাতিত হয়েছে গত ২৪ ঘণ্টায়।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম বিভাগ (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের কাছে হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত নিক্ষিপ্ত বস্তুর (প্রজেক্টাইল) আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নতুন করে লড়াই ছাড়াই ট্রাম্প যদি এই সংঘাত থেকে বেরিয়ে আসতে চান, তাহলে তাঁকে ধীরে ধীরে, সম্ভব হলে কারও নজরে না পড়ার মতো করে, নৌ অবরোধ তুলে নিতে হবে।
ত্রিতা পারসি, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফট
তেহরান থেকে আল-জাজিরার সংবাদদাতা রেসুল সেরদার জানিয়েছেন, গত এক সপ্তাহে তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা হঠাৎ করে বেড়ে গেছে। ১৪ নভেম্বর থেকে এ ধরনের প্রায় ২৫টি ঘটনা ঘটেছে।
গত সপ্তাহে ইরানের সেনাবাহিনী আরও জানায়, তারা কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে হরমুজ প্রণালির কেশম দ্বীপে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। দ্বীপটি এখনো ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।
হরমুজ দিয়ে তেল রপ্তানিতে কী প্রভাব পড়ছে
ইরান প্রায় প্রতিদিন হামলা চালানোয় হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
যুক্তরাজ্যের ইউকেএমটিওর তথ্যমতে, ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে ২৬৩টি জাহাজ চলাচল করেছে। আগের সপ্তাহের তুলনায় এ সংখ্যা ১৫ শতাংশ কম। আর তার আগের সপ্তাহের তুলনায় তা ২০ শতাংশ কম।
গত শুক্রবার প্রকাশিত ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ওই সময়ে চলাচল করা জাহাজগুলোর মধ্যে তেলবাহী ট্যাংকার ছিল ৩৭টি। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৫২।
তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, নিবন্ধনবহির্ভূত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের জাহাজগুলোর চলাচলের তথ্য আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয় না।
যুদ্ধ শুরুর আগে গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ১৩৫টি জাহাজ চলাচল করত।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক সংস্থা সতর্ক করে বলেছে, ইরানের ওপর আরোপিত অবরোধের কারণে উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের বাড়তি ব্যয় আরও বৃদ্ধি পাচ্ছে। যুদ্ধের আগে জাহাজের বিমার হার ছিল শূন্য দশমিক ১০ থেকে শূন্য দশমিক ২৫ শতাংশ। এখন তা বেড়ে ৩ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে।
জ্বালানি তেলের দামও বেড়েছে। এ পরিস্থিতিতে সম্প্রতি একপর্যায়ে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়। পরে তা কমে ৮৩ ডলারে স্থিতিশীল হয়। তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় এই দাম এখনো ১৫ ডলারের বেশি।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) গত বৃহস্পতিবার জানিয়েছে, সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহে মোট ঘাটতি দাঁড়িয়েছে ২৮০ কোটি ব্যারেল। গ্যাস সরবরাহে ঘাটতি হয়েছে ৬ হাজার কোটি ঘনমিটার।
আইইএ আরও বলেছে, এই সংঘাতের প্রতিক্রিয়ায় বিভিন্ন দেশের সরকার যদি বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার ও জ্বালানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং বিকল্প জ্বালানির ব্যবহার দ্রুত বৃদ্ধি করে, তাহলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে তেলের চাহিদা ৪ শতাংশের বেশি কমতে পারে।
ইরান কেন হামলা বাড়াচ্ছে
ইরান হামলা জোরদার করার পাশাপাশি দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্রের মুখে নতি স্বীকার করা অথবা কূটনীতির পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এসব হামলা থেকে বোঝা যায়, সংঘাতে নিজেদের হাতে থাকা কৌশলগত সুবিধা কাজে লাগাচ্ছে ইরান। তেহরান এই বার্তা দিতে চাইছে, যুদ্ধ শেষ না হলে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোকে ইরানের হামলার বড় ধরনের ধকল সামলাতে হবে।
লেবাননের রাজধানী বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির পাবলিক পলিসি ফেলো রামি খুরি আল-জাজিরাকে বলেন, এসব হামলার লক্ষ্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা দুর্বল করা। একই সঙ্গে যুদ্ধের ক্ষয়ক্ষতির প্রভাব পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে দেওয়া। জাহাজে পণ্য পরিবহনের খরচ বাড়িয়ে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত করে বিশ্ব অর্থনীতিতেও চাপ তৈরি করা।
খুরির মতে, ইরানের এই কৌশলের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্রাজ্যবাদী হামলার ক্ষতি যে কেবল ইরান একা বহন করবে না, তা ক্রমাগত নিশ্চিত করা।
খুরির আরেকটি পরিচয় হলো তিনি ওয়াশিংটন ডিসিভিত্তিক আরব সেন্টারের অনাবাসিক জ্যেষ্ঠ ফেলো। তিনি বলেন, ইরান দেখাতে চাইছে, যুক্তরাষ্ট্র নিজের স্থাপনা কিংবা আরব মিত্রদের স্থাপনা রক্ষা করতে পারছে না। এর মাধ্যমে তেহরান মার্কিন নীতিতে পরিবর্তন আনতে চায়। ইরানের আশা, এমন পরিস্থিতিতে আরব সরকারগুলো যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করবে।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি দেশটির সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা অর্থনৈতিক অবরোধকে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করি। এই অবরোধ ভাঙতে প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেব।’
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ, স্থলপথে বাণিজ্যে বিঘ্ন এবং আগস্টে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় আরোপিত নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।
তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা কার্যক্রমে নেতৃত্ব দেওয়া মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেছেন, অর্থনৈতিক অবরোধের কারণে ২০২৭ সালের মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হবে।
তবে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এই অর্থনৈতিক চাপ সামলানোর সক্ষমতা তাদের রয়েছে।
সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে ইরান। ওয়াশিংটনের চাপের মুখে তেহরান যে সহজে নতি স্বীকার করবে না, এসব হামলার মধ্য দিয়ে সেই বার্তাই দিচ্ছে দেশটি। তবে বর্তমান পরিস্থিতিতে ইরানের অর্থনীতি ও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।
নতুন করে সংঘাতের আশঙ্কা কতটা
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি মনে করেন, ইরানের সঙ্গে চুক্তি করার পরিবর্তে ট্রাম্প বিজয় ঘোষণা করে যুদ্ধ থেকে সরে যাওয়ার পথ বেছে নিতে পারেন। তবে ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখলে নতুন করে সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হবে।
আল-জাজিরাকে পারসি বলেন, ওয়াশিংটনে যুদ্ধ ব্যর্থ হয়েছে বলে মনে হতে পারে, এমন কোনো চুক্তি ট্রাম্প মেনে নেবেন বলে মনে হয় না।
পারসি সতর্ক করে বলেন, ‘তিনি (ট্রাম্প) যদি অবরোধ চালিয়ে যান, তাহলে সংঘাত আরও বাড়বে।’ তাঁর যুক্তি, অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে ইরান পাল্টা ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকবে না।

পারসির মতে, নতুন করে লড়াই ছাড়াই ট্রাম্প যদি এই সংঘাত থেকে বেরিয়ে আসতে চান, তাহলে তাঁকে ধীরে ধীরে, সম্ভব হলে কারও নজরে না পড়ার মতো করে, নৌ অবরোধ তুলে নিতে হবে। পাশাপাশি কিছু নিষেধাজ্ঞাও প্রত্যাহার করতে হবে।
তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান আহমাদিয়ান বলেন, ইরান ট্রাম্পকে দুটি পথের একটিকে বেছে নিতে বাধ্য করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ওয়াশিংটন যদি তেলবাহী ট্যাংকারগুলোকে চলাচল করতে দেয়, তাহলে ‘কোনো চুক্তি বা যুদ্ধ ছাড়াই’ যুক্তরাষ্ট্রের অবরোধের অবসান ঘটবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি এসব জাহাজে হামলা চালায়, তাহলে তাকে ইরানের এমন পাল্টা হামলার মুখোমুখি হতে হবে, যা ‘এড়িয়ে যাওয়া ট্রাম্পের জন্য কঠিন হবে’।
শনিবার ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে তিনি এমন একটি ‘স্থায়ী’ চুক্তি করতে চান, যা দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প আরও বলেন, ইরানে সরকার পরিবর্তনের বিষয়ে তিনি কখনোই খুব বেশি আগ্রহী ছিলেন না। তবে দেশটির নতুন নেতৃত্বকে তিনি ‘আরও যুক্তিবাদী’ বলে উল্লেখ করেছেন।
সূত্র: প্রথম আলো · আন্তর্জাতিক





