ভয়টাই সত্যি হলো, ৯১ রানেই শেষ বাংলাদেশ

সবুজ উইকেটে রাবাদা, নর্কিয়া ও ইয়ানসেনের গতির সামনে বাংলাদেশ কতটুকু কী করতে পারবে, তা নিয়ে একটা ভয় তাই শুরু থেকেই ছিল।

ভয়টাই সত্যি হলো, ৯১ রানেই শেষ বাংলাদেশ
মুল্ডারের বলে বোল্ড হয়ে যান মুমিনুল

যে ভয়টা ছিল, তা–ই যেন হলো!

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্ক এমনিতেই পেসারদের জন্য একরকম স্বর্গ। এই মাঠে ৮৭.৯৮ শতাংশ উইকেটই নিয়েছেন পেসাররা। বাড়তি গতি আর বাউন্স সামলানোর কাজটা ব্যাটসম্যানদের জন্য সব সময়ই বড় এক চ্যালেঞ্জ। সেটির সঙ্গে এবার হয়েছে সকাল থেকে বৃষ্টি। এ রকম কঠিন পরিস্থিতিতেই কিনা কাল টস হেরে ব্যাটিংয়ে নামতে হয়েছে বাংলাদেশকে।

সবুজ উইকেটে রাবাদা, নর্কিয়া ও ইয়ানসেনের গতির সামনে বাংলাদেশ কতটুকু কী করতে পারবে, তা নিয়ে একটা ভয় তাই শুরু থেকেই ছিল। সেটিকে সত্যি প্রমাণ করে ৯১ রানেই থেমে গেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস।

পেসাররা যত পরীক্ষাই নিক, এত কম রানে এর আগে সেঞ্চুরিয়নে কোনো দল অলআউট হয়নি। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের অবশ্য এর চেয়েও খারাপ অভিজ্ঞতা আছে। ২০২২ সালে সর্বশেষ সিরিজেই ডারবানে ৫৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ, গেবেখায় ৮০ রানে।

কাল বাংলাদেশকে এক শ রানের আগে অলআউট করে দেওয়ার কৃতিত্বটা হয়তো দক্ষিণ আফ্রিকার বোলারদেরই বেশি; কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরাও দায় এড়াতে পারবেন না। ইনিংস বিরতির সময় দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক শন পোলকও যেমন বললেন, ‘ওদের দেখে মনে হলো তাড়াহুড়োর মধ্যে আছে।’

তা প্রথম মনে হয়েছিল ওপেনার তানজিদ হাসানকে দেখেই। মার্কো ইয়ানসেনের লাফিয়ে ওঠা বলটা চাইলেই তিনি ছেড়ে দিতে পারতেন, কিন্তু শট খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে দেন। বাংলাদেশের উইকেট না হারানোর সবচেয়ে লম্বা বিরতিটা পড়ে এরপর।

মুমিনুল হক ও মাহফিজুল ইসলামও যে খুব একটা স্বস্তিতে খেলতে পারছিলেন, তা নয়। ব্যাটের কানায় লেগে ক্যাচও উঠেছিল। কিন্তু রাবাদা ও ইয়ানসনকে নতুন বলে আর উইকেট না দেওয়াটা একটু স্বস্তি ছড়িয়ে দিয়েছিল বাংলাদেশের ড্রেসিংরুমে।

কিন্তু তা যেন মুহূর্তেই উবে যায় এনরিখ নর্কিয়া বোলিংয়ে এলে। মাহফিজুলকে ফিরিয়ে শুরু। মাঝখানে একটা বল, যাতে চার মেরে পরের বলেই আউট নাজমুল। দুজনই বোল্ড। মাহফিজুল ব্যাট নামিয়েছেন দেরিতে আর নাজমুল গিয়েছিলেন ড্রাইভ করতে। অধিনায়কের ফর্ম ব্যাটিং নিয়ে থাকা বাংলাদেশের দুশ্চিন্তাটা আরও বাড়িয়েই দিচ্ছে—সর্বশেষ ৭ ইনিংসে একবারও ২০ রান পেরোতে পারেননি নাজমুল।

নর্কিয়ার ওই ওভার দিয়েই বাংলাদেশের সর্বনাশের শুরু। বাকি ব্যাটসম্যানদের কেউই আর পরে থিতু হতে পারেননি। মুমিনুল বোল্ড হয়েছেন মুল্ডারের বলে, লিটন পরিস্থিতির সঙ্গে বেমানান এক শট খেলে ক্যাচ তুলে দিয়েছেন ইয়ানসেনের বলে। তবে সবচেয়ে বেশি পোড়াবে বোধ হয় তাওহিদ হৃদয়ের আউটটাই।

গত দুই টেস্টে অবিশ্বাস্য খেলেছেন, তাঁর কাছে তাই দলের চাওয়াটাও ছিল অনেক বেশি। হৃদয় তা মেটাতে পারলেন কই! চা বিরতির আগের বলটি খেলতে বেরিয়ে এলেন ক্রিজ ছেড়ে। কিন্তু অফ স্পিনার সাইমন হার্মারের বল তাঁর ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় প্রথম স্লিপে।

হৃদয় আউট হওয়ার পরই বাংলাদেশের আশা কার্যত শেষ হয়ে গিয়েছিল। মেহেদী হাসান মিরাজ একাদশ থেকে বাদ পড়ে যাওয়ায় শেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে তখন উইকেটে ছিলেন কেবল জাকের আলী। বোলারদের নিয়ে লড়াই করার কঠিন কাজটা করতে তিনিও ব্যর্থ। ২০ বল খেলে তিনি আউট হন ১ রান করে। শেষ পর্যন্ত ওপেনার মাহফিজুলের ২৩ রানই দলের পক্ষে সর্বোচ্চ হয়ে থেকে গেছে।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ব্যাট করতে নামার পর তাদের শুরুতে একটু চাপেই রেখেছিল বাংলাদেশ। শরীফুল ইসলামের বলে ৪ রান করে আউট হয়ে গিয়েছিলেন মার্করাম। আম্পায়ার এলবডিব্লুর আবেদনে সাড়া দিলেও রিভিউ নিয়ে বাঁচেন তিনি। পরে ইবাদতের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মার্করাম আউট হয়েছেন ২১ রান করে।

কিন্তু কাল ১৭ ওভারে ৮৮ রান করে ফেলা দক্ষিণ আফ্রিকার জন্য তাতে খুব একটা ক্ষতি হওয়ার কথা নয়। এই ইনিংসে তারা যে বড় লিড নেবে, তা বলে দেওয়া যায় কোনো সংশয় ছাড়াই। সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের পথটা যে ভীষণ কঠিন হতে যাচ্ছে, সেটি বলাতেও মনে হয় না কোনো ঝুঁকি আছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: প্রথম আলো