জুলাই আন্দোলন চলাকালে সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে- রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। সোমবার সন্ধ্যায় প্যারিসের অভিজাত ১৬তম অ্যারোন্ডিসমেন্টের টাউন হলে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বন্ধুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টা, সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা এসইউপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি,পিএসসি অতিথিদের স্বাগত জানান। বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।
স্বাগত বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা এসইউপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি,পিএসসি সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক উন্নয়ন, আধুনিকায়ন এবং দেশ-বিদেশে তাদের বিভিন্ন কার্যক্রমের ওপর আলোকপাত করেন। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সসহ বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এ সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ, স্বাধীনতা-পরবর্তী সময়ে বাহিনীর গঠন ও উন্নয়ন এবং দেশ-বিদেশে সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য কার্যক্রম নিয়ে একটি তথ্যবহুল ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এতে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার বিষয়টিও তুলে ধরা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল রাষ্ট্রদূত খন্দকার এম তালহার বক্তব্য। তিনি তাঁর বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী সময়ে দেশমাতৃকার সেবা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের ২১ নভেম্বর একটি বিশেষ গৌরবময় দিন। তিনি মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ এবং সশস্ত্র বাহিনীর সাহসী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে ফ্রান্সে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ফরাসি লেখক, অভিযাত্রী, প্রতিরোধ যোদ্ধা, রাজনীতিবিদ ও সংস্কৃতিমন্ত্রী আঁদ্রে মালরোর অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন।
রাষ্ট্রদূত ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আত্মত্যাগের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রদের নেতৃত্বে সংঘটিত এ আন্দোলন এবং আন্দোলন-পরবর্তী সময়ে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, ওই সময়ে সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়ে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।
বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে আরও সুপ্রশিক্ষিত, সুসজ্জিত এবং প্রযুক্তিগতভাবে উন্নত বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত। এ প্রসঙ্গে তিনি ফোর্সেস গোল ২০৩০-এর আওতায় সশস্ত্র বাহিনীর চলমান আধুনিকায়ন কর্মসূচির কথা তুলে ধরেন।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী শিক্ষা বিস্তার, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও ষ্টিম শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাশাপাশি জাতীয় ও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং দেশের অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য প্রচারেও সশস্ত্র বাহিনীর ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে ফ্রান্সসহ বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তা ও ডিফেন্স অ্যাটাশেরাও অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সেলর পলিটিক্যাল মাহফুজা সুলতানা, দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অংশ নেন বিএনপি ফ্রান্স শাখার সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সিরাজুর রহমান, নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্কর, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ, এমসি ইনস্টিটিউট ফ্রান্সের প্রিন্সিপাল বদরুল বিন হারুন, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম মামুন, এনসিপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, এফবিজেএর সহ-সমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, সিনিয়র সাংবাদিক নিয়াজ মাহমুদ, বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি রাজনীতিবিদ তানিয়া তনু, সাংবাদিক হাসান ইলিয়াছ তানিম,কাউন্সিলর নাহিদুল মোহাম্মদ, কাউন্সিলর জুবায়েদ আহমেদ, নিরাপত্তা বিশেষজ্ঞ আনিসুর রহমান, এক্টিভিষ্ট খালেদ মাহমুদ, সাংবাদিক তানভীর আহমেদ তোহা, সমাজকর্মী জাহরিন হক নুপুর, সাংবাদিক ইয়াসির আরাফাত খোকন, ব্যবসায়ী শহিদুল ইসলাম, গবেষক ইশতিয়াক আকিব, সমাজকর্মী কাজী হাবিবুর রহমান, আরাফাত রহমান এবং সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জি, সাংবাদিক শাহ সুহেল আহমেদ ও সাংবাদিক রাবেয়া আক্তার সুবর্নাসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শেষপর্বে আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশি খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।





