মুস্তাফিজ ছাড়া আইপিএলের নিলাম তালিকায় ১২ বাংলাদেশি

মুস্তাফিজ ছাড়া আইপিএলের নিলাম তালিকায় ১২ বাংলাদেশি

আইপিএলে গতবার রেকর্ড দামে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে রাজনৈতিক কারণে শেষমেশ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা হয়নি তার। এবার মোস্তাফিজ আইপিএলকেই না বললেন। আজ ক্রিকইনফো একটি তালিকা ঘোষণা করেছে আইপিএলের মিনি নিলামে নাম লেখানো ক্রিকেটারদের। সেখান থেকে জানা গেল, মুস্তাফিজুর এবারের আসরের নিলামে নাম লেখাননি।

এ বছরের শুরুতে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বড় আলোচনা হয়েছিল। নিলাম থেকে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এই ঘটনার রেশ আরও দূর গড়ায়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশই নেয়নি দলটি। নাম দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে কেন নাম দিলেন না মুস্তাফিজ সেই প্রশ্ন উঠতেই পারে। বিসিবির একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘নাম দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত পুরোটাই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। গত ২৩ নভেম্বর ডেডলাইন ছিল, এর মধ্যে সে রেজিস্ট্রেশন করেনি। বিসিবির হাত নেই এখানে, কারণ বিসিসিআই প্রথমে বিসিবির কাছে জানতে চায় কতজন ইচ্ছুক। এরপর বিসিবি খেলোয়াড়দের জানায়। পরবর্তীতে খেলোয়াড়রাই সবকিছু করে থাকেন।’

এবারের আইপিএলের নিলামে নাম লেখানো বাংলাদেশিদের তালিকায় আরও একজনের অনুপস্থিতি চোখে পড়ার মতো। তিনি হলেন নাহিদ রানা। সবশেষ ভারত সফরে তাকে নিয়ে মাতামাতি ছিল চোখে পড়ার মতো। তবে তিনিও এবার এই নিলামে নাম লেখাননি, হেঁটেছেন পূর্বসূরির দেখানো পথে। নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।

এবারের নিলামের প্রাথমিক তালিকায় আছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: Daily Bangladesh · খেলাধুলা