ন্যূনতম মজুরি নিয়ে অসন্তোষের জেরে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্রুত সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
এদিকে, গাজীপুরের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
পরিস্থিতি যেকোনো সময় অস্বাভাবিক হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ কাজ করছে।
সূত্র: Daily Bangladesh · দেশজুড়ে





