বাণিজ্যিক চুক্তি নিয়ে বিরোধের জেরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন লিওনেল মেসি। বাণিজ্যিক উদ্দেশ্যে নিজের নাম ও ছবি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে সংস্থাটিকে আইনি নোটিশ পাঠানোর কথা ভাবছেন ইন্টার মায়ামির এই তারকা ফুটবলার।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’-এর প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম ‘মুন্ডো দেপোর্তিভো’।
প্রতিবেদনে বলা হয়েছে, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে মেসির সম্পর্কের টানাপোড়েন চলছে। এ বিরোধের মধ্যেই নিজের আইনজীবীদের আইনি পদক্ষেপের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার।
বিষয়টি সামনে আনা সাংবাদিক নিকোলাস উইনাজকি টেলিভিশন নেটওয়ার্ক ‘এ২৪’কে বলেন, আর্জেন্টিনার ফুটবলের কোনো উপকারে আসে না, এমন বাণিজ্যিক মুনাফা অর্জনের জন্য এএফএ যেন মেসির নাম ও ছবি ব্যবহার বন্ধ করে, সে দাবি জানিয়ে আইনি নোটিশের খসড়া তৈরি করতে আইনজীবীদের নির্দেশ দিয়েছেন তিনি।
মেসি ও এএফএর বিরোধের মূল কারণ একটি স্পনসরশিপ চুক্তি। বার্সেলোনার সাবেক এই তারকার বিয়ার ব্র্যান্ড ‘মিকেলোব’-এর সঙ্গে একচেটিয়া বাণিজ্যিক চুক্তি রয়েছে। কিন্তু পরে তিনি জানতে পারেন, এএফএর আয়োজিত একটি বিজ্ঞাপনী প্রচারণায় অন্য একটি বিয়ার কোম্পানি তার ছবি ব্যবহার করেছে।
এ ঘটনায় মেসির সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান মিকেলোব কর্তৃপক্ষও চরম ক্ষোভ প্রকাশ করেছে বলে জানা গেছে। বাণিজ্যিক স্বত্ব ব্যবহারের এই বিরোধ শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে গড়ায় কি না, এখন সেটিই দেখার বিষয়।
সূত্র: Daily Bangladesh · খেলাধুলা





