জি-মেইলের অটো-রিপ্লাই চালু করবেন যেভাবে

জি-মেইলের অটো-রিপ্লাই চালু করবেন যেভাবে

কয়েক দিনের জন্য বেড়াতে বা ছুটিতে যাচ্ছেন? কর্মস্থল থেকে দূরে থাকলেও আপনার ইনবক্সে জরুরি ই-মেইল আসতে পারে। কিন্তু ছুটির সময় বারবার মেইল খুলে সবার উত্তর দেওয়া বেশ বিরক্তিকর। আবার আপনার কাছ থেকে সাড়া না পেয়ে কেউ যেন অযথা অপেক্ষা না করেন, সে ব্যবস্থাও রয়েছে জি-মেইলে।

জি-মেইলের ‘ভ্যাকেশন রেসপন্ডার’ ফিচার ব্যবহার করে ছুটিতে থাকার সময় আসা ই-মেইলের স্বয়ংক্রিয় উত্তর পাঠানো যায়। আগে থেকেই একটি বার্তা লিখে রেখে ছুটি শুরুর ও শেষের তারিখ নির্ধারণ করে দিলেই হবে। নির্ধারিত সময়ে কেউ মেইল পাঠালে জি-মেইল স্বয়ংক্রিয়ভাবে আপনার তৈরি করা উত্তরটি পাঠিয়ে দেবে।

কম্পিউটার, অ্যান্ড্রয়েড ফোন কিংবা আইফোন—সব ডিভাইস থেকেই এ সুবিধা চালু করা যায়। চলুন, জেনে নেওয়া যাক পদ্ধতিগুলো।

কম্পিউটারে অটো-রিপ্লাই চালু করবেন যেভাবে

প্রথমে ব্রাউজার থেকে নিজের জি-মেইল অ্যাকাউন্টে লগইন করুন। এরপর ওপরের ডান কোণে থাকা সেটিংস আইকনে ক্লিক করে ‘সি অল সেটিংস’ নির্বাচন করুন। এবার ‘জেনারেল’ ট্যাবে গিয়ে নিচের দিকে স্ক্রল করলে ‘ভ্যাকেশন রেসপন্ডার’ অপশনটি পাওয়া যাবে। সেখানে ‘ভ্যাকেশন রেসপন্ডার অন’ নির্বাচন করুন।

তারিখ ও স্বয়ংক্রিয় বার্তা নির্ধারণ

ফিচারটি চালু করার পর কয়েকটি তথ্য দিতে হবে। ‘স্টার্ট ডেট’ ঘরে ছুটি শুরুর তারিখ এবং ‘এন্ড ডেট’ ঘরে ছুটি শেষের তারিখ লিখুন। ‘সাবজেক্ট’ ঘরে স্বয়ংক্রিয় ই-মেইলের বিষয় এবং ‘মেসেজ’ ঘরে ছুটিতে থাকার সময় ও কাজে ফেরার সম্ভাব্য তারিখ জানিয়ে একটি সংক্ষিপ্ত বার্তা লিখুন।

চাইলে শুধু কন্টাক্টসে থাকা ব্যক্তিদের কাছে স্বয়ংক্রিয় উত্তর পাঠানোর অপশনও নির্বাচন করতে পারেন। সব তথ্য দেওয়া হলে পেজের নিচে গিয়ে ‘সেভ চেঞ্জেস’ ক্লিক করুন। এরপর নির্ধারিত সময় অনুযায়ী জি-মেইল নিজেই উত্তর পাঠাবে।

অ্যান্ড্রয়েড ফোনে চালু করার নিয়ম

প্রথমে ফোনে জি-মেইল অ্যাপ খুলুন। এরপর বাঁ দিকের ওপরের মেন্যুতে ট্যাপ করে ‘সেটিংস’-এ যান। যে অ্যাকাউন্টে সুবিধাটি চালু করতে চান, সেটি নির্বাচন করুন। এরপর ‘ভ্যাকেশন রেসপন্ডার’ অপশনে গিয়ে সুইচটি অন করুন।

এবার ছুটি শুরুর ও শেষের তারিখ, ই-মেইলের বিষয় এবং বার্তা লিখে দিন। চাইলে শুধু কন্টাক্টসে থাকা ব্যক্তিদের জন্য স্বয়ংক্রিয় উত্তর পাঠানোর অপশনও বেছে নিতে পারেন। সবশেষে ‘ডান’ (Done) ট্যাপ করলে সেটিংস সংরক্ষিত হবে।

আইফোন বা আইপ্যাডে চালু করার পদ্ধতি

আইফোন বা আইপ্যাডে জি-মেইল অ্যাপ খুলে মেন্যু থেকে ‘সেটিংস’-এ প্রবেশ করুন। এরপর ‘কম্পোজ অ্যান্ড রিপ্লাই’ অংশে গিয়ে ‘ভ্যাকেশন রেসপন্ডার’ অপশনটি খুঁজে বের করুন।

সুবিধাটি চালু করে ছুটি শুরুর ও শেষের তারিখ, সাবজেক্ট এবং বার্তা লিখুন। চাইলে শুধু পরিচিত কন্টাক্টসে থাকা ব্যক্তিদের জন্য স্বয়ংক্রিয় উত্তর পাঠানোর সুযোগও রয়েছে। সবকিছু ঠিক থাকলে ওপরের ‘সেভ’ বাটনে ট্যাপ করুন।

ছুটি শেষে ফিচারটি বন্ধ করবেন যেভাবে

ছুটি শেষে কাজে ফেরার পর ভ্যাকেশন রেসপন্ডার বন্ধ করে দেওয়া উচিত। কম্পিউটারে জি-মেইল খুললে স্বয়ংক্রিয় উত্তর চালু থাকার একটি ব্যানার দেখা যাবে। সেখানে ‘এন্ড নাও’ (End now) ক্লিক করলেই ফিচারটি বন্ধ হয়ে যাবে।

অন্যদিকে, অ্যান্ড্রয়েড বা আইফোনের জি-মেইল অ্যাপে ‘সেটিংস’ থেকে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের ‘ভ্যাকেশন রেসপন্ডার’ অপশনে গিয়ে সুইচটি অফ করে দিলেই হবে।

সব মিলিয়ে, ছুটিতে যাওয়ার আগে কয়েক মিনিট সময় নিয়ে এই ফিচার চালু রাখলে বারবার ইনবক্স দেখার ঝামেলা কমবে। পাশাপাশি, যারা আপনাকে ই-মেইল পাঠাবেন, তারাও সহজেই আপনার অনুপস্থিতির বিষয়টি জানতে পারবেন।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: Daily Bangladesh · তথ্য-প্রযুক্তি