ফোনমুক্ত’ হচ্ছে ফ্রান্সের উচ্চবিদ্যালয়, নতুন শিক্ষাবর্ষে কার্যকর হতে পারে নিষেধাজ্ঞা

ফোনমুক্ত’ হচ্ছে ফ্রান্সের উচ্চবিদ্যালয়, নতুন শিক্ষাবর্ষে কার্যকর হতে পারে নিষেধাজ্ঞা

শাহ রিয়ার রিজবি, ফ্রান্স
২৬ আগস্ট ২০২৬

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং বিদ্যালয়ের পরিবেশ আরও শান্ত করতে ফ্রান্সের উচ্চবিদ্যালয় বা লিসেতে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকরের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই এই নিষেধাজ্ঞা চালুর কথা বলা হলেও, বাস্তবে অনেক বিদ্যালয় এখনো প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করতে পারেনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানান, উচ্চবিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধ করার আইন প্রণয়ন করা হয়েছে। শিশুদের ওপর অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের নেতিবাচক প্রভাব কমানোর পাশাপাশি বিদ্যালয়ে পড়াশোনার জন্য আরও শান্ত পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান তিনি।

একই দিন মন্ত্রিসভার বৈঠকের পর সরকারের মুখপাত্র মোদ ব্রেজোঁও বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই উচ্চবিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধ করার ব্যবস্থা কার্যকর করা সম্ভব। তাঁর মতে, সাংবিধানিক পরিষদের অনুমোদনের পর এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি ভিত্তি তৈরি হয়েছে।

তবে সরকারের ঘোষণার সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার কিছুটা পার্থক্য রয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রতিটি বিদ্যালয়কে তাদের অভ্যন্তরীণ বিধিমালা সংশোধন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক ও শিক্ষাবিষয়ক কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শও করতে হবে। গ্রীষ্মকালীন ছুটির কারণে অনেক বিদ্যালয় বন্ধ থাকায় সব প্রতিষ্ঠান এখনো এই প্রক্রিয়া শেষ করতে পারেনি।

ফ্রান্সের উচ্চবিদ্যালয়ের প্রধানদের অন্যতম সংগঠন এসএনপিডেন-ইউএনএসএ-এর জাতীয় সম্পাদক ফ্রাঁসোয়া রেনেঁ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, দেশের অনেক বিদ্যালয় এখনো নিষেধাজ্ঞা কার্যকরের জন্য প্রস্তুত নয়। সরকারের নির্ধারিত সময়সূচিকে তিনি ‘ভুল সময় নির্বাচন’ হিসেবে সমালোচনা করেন।

এদিকে একই আইনে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার বিধান রাখা হলেও ফ্রান্সের সাংবিধানিক পরিষদ সেটি বাতিল করেছে। ফলে ওই বয়সসীমার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা আপাতত কার্যকর হচ্ছে না। তবে উচ্চবিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধের বিধানটি অনুমোদন পেয়েছে।

সরকারের যুক্তি, শ্রেণিকক্ষে মোবাইল ফোন শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করে এবং অতিরিক্ত স্ক্রিন ব্যবহার তাদের শিক্ষা ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মোবাইল ফোনমুক্ত বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ এবং শ্রেণিকক্ষের শৃঙ্খলা বাড়বে বলে আশা করছে সরকার।

তবে নিষেধাজ্ঞা বাস্তবায়নে বেশ কিছু প্রশ্ন এখনো রয়েছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশের সময় ফোন কোথায় রাখবে, কীভাবে তা সংরক্ষণ করা হবে, নিয়ম ভঙ্গ করলে কী ব্যবস্থা নেওয়া হবে এবং জরুরি পরিস্থিতিতে অভিভাবকরা কীভাবে সন্তানের সঙ্গে যোগাযোগ করবেন—এসব বিষয় বিদ্যালয়গুলোকেই নির্ধারণ করতে হবে।

আইন অনুমোদনের পর এখন মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এর বাস্তবায়ন। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই ফ্রান্সের উচ্চবিদ্যালয়গুলোকে মোবাইলমুক্ত করার সরকারের পরিকল্পনা কতটা সফল হবে, তা নির্ভর করবে বিদ্যালয়গুলোর প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয় এবং নতুন নিয়ম বাস্তবায়নের সক্ষমতার ওপর।

শাহ রিয়ার রিজবি – ফ্রান্স প্রতিনিধি, ঢাকা ইনফো২৪

শাহরিয়ার রিজবি একজন বাংলাদেশি সাংবাদিক, যিনি অনলাইন সংবাদমাধ্যম DhakaInfo24-এর সঙ্গে যুক্ত।Shahriar Rijvi is a Bangladeshi journalist working with DhakaInfo24.