সোমবার , ১৯ আগস্ট ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

ঢাকাইনফোর সাংবাদিক রিজবির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, ডিআরইউর তীব্র প্রতিবাদ ও কঠোর নিন্দা

ঢাকা ইনফো২৪
আগস্ট ১৯, ২০২৪ ৮:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

সিনিয়র প্রতিবেদক
ঢাকাইনফো২৪

কোটা সংস্কার আন্দোলনে একজন ছাত্র নিহতের ঘটনায় করা একটি মামলায় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাইনফো২৪ ডট কমের বিশেষ প্রতিনিধি শাহ রিয়ার রিজবিকে আসামি করা হয়েছে । সোমবার (১৯ আগস্ট) সাভার মডেল থানায় সাজ্জাদ হোসেন (২৯) নামে এক ছাত্র নিহতের ঘটনায় এই মামলাটি করা হয় ।

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (DRU) এক বিবৃতিতে সাংবাদিক শাহ রিয়ার রিজবির বিরুদ্ধে মামলার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্র মূলক হিসেবে উল্লেখ করা হয়েছে ।

বিবৃতিতে ডিআরইউর সভাপতি  সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করে। সাংবাদিকের বিরুদ্ধে এ রকম হত্যা মামলা চলমান থাকলে পেশাদারত্ব রক্ষায় বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে ডিআরইউ।

মামলাটিতে প্রধান আসামি করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে । শাহরিয়ার রিজভীকে করা হয়েছে ৭ নম্বর আসামি। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ ৩২১ জনকে আসামি করা হয়েছে ।

গত ৫ আগস্ট সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় সাজ্জাদ হোসেন (২৯) নামে ওই ছাত্র নিহত হন। ওই ঘটনায় তার বাবা মো. আলমগীর বাদী হয়ে এ মামলা করেন। নিহত সাজ্জাদ হোসেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাটোয়ারি পাড়া এলাকার বাসিন্দা। তিনি সাভারের দক্ষিণ আউকপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও পলিটেকনিক্যালে পড়াশোনা করতেন তিনি।

মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, তার ছোট ভাই ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক, পৌর মেয়র আব্দুল গনি এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ চৌধুরী, কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, নুরে আলম সিদ্দিকী নিউটন, মশিউর রহমান সম্রাট, রমজান হোসেন, সানজিদা শারমিন মুক্তা, মিজানুর রহমান মিজান প্রমুখ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বাদীর ছেলে ব্যক্তিগত প্রয়োজনীয় কিছু পণ্য কিনতে সাভার বাসস্ট্যান্ডে যান। এ সময় ১-১০ নম্বর আসামির নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর গুলিসহ হামলা চালানো হয়। হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। আহত অবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, অভিযোগের প্রেক্ষিতে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।