ম্যাচ জেতার সুযোগ ছিল দুই দলের সামনেই। কিন্তু শেষ দিকে দারুণ বোলিংয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ৬ রানে ৪ উইকেট নিয়ে আফগানিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয় তারা। ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের শুরুটা হলো জয় দিয়েই। প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশ। ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে তাদের করা ২৫০ রানের জবাবে ২১৭ রানে গুটিয়ে যায় আফগান যুবারা। ৪ উইকেট হাতে রেখে শেষ ২৪ বলে ৪১ রান করতে হতো আফগানিস্তানকে। সমীকরণটা খুব বেশি কঠিন ছিল না তাদের জন্য। কিন্তু ২১১ থেকে ২১৭- এই ৬ রানে শেষ ৪ ব্যাটারকে হারিয়ে অলআউট হয় আফগানিস্তান। ৫১ রানের সর্বোচ্চ ইনিংস খেললেও ৭১ বল খেলে আক্ষেপের কারণ হয়ে থাকলেন হামজা খান। এ ছাড়া ফরিদুল্লাহ ইহসাস ২৭, নোমান সালারজাই ২৫ ও সোবহান জাকহাইল করেন ২৪ রান। তবে তাঁদের ইনিংস দলের হার এড়াতে যথেষ্ট ছিল না। আফগানিস্তানকে গুটিয়ে দেওয়ার পথে ইনিংসের অর্ধেক ঝুলিতে পুরেছেন রুবাই ইসলাম রিজন। ৫ উইকেট নেওয়ার পথে ৩৭ রান দেন তিনি। শেখ আতিকুর রহমানের শিকার দুটি। এর আগে তিন ফিফটিতে এই পুঁজি পায় বাংলাদেশ। ৭৮ বলে ৬ চার ও ১ ছক্কায় ৭৯ রানের ইনিংস খেলেন রাকিবুল হোসেন। আহসান আল মুমিনের ব্যাট থেকে আসে ৫৪ রান। জারিফ সিয়াম এনে দেন ৫০ রান।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.