
দক্ষিণ আফ্রিকা কোচ হুগো ব্রুস-ইন্টারনেট
ষষ্ঠ মিনিটে গোল হজমের পর যে দৃঢ়তা ও লড়াকু মানসিকতা দেখিয়েছে দল, তাতে ভীষণ খুশি হুগো ব্রুস। চেকিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত ড্র করে দক্ষিণ আফ্রিকা কোচ বললেন, আরও ভালো ফল প্রাপ্য ছিল তাদের। আটলান্টায় বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সাদিলেকের গোলে পিছিয়ে পড়ার পর, ২০১০ বিশ্বকাপের স্বাগতিকদের সমতায় ফেরান মোকোয়েনা।
পুরো ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নেয় দক্ষিণ আফ্রিকা, এর চারটি ছিল লক্ষ্যে। চেকিয়াও অবশ্য চোখে চোখ রেখেই লড়াই করে। তাদের ১৪ শটের তিনটি লক্ষ্যে থাকে। ম্যাচের শুরুতে গোল হজম করাকে নিজেদের ভুল বলছেন দক্ষিণ আফ্রিকা কোচ। ব্রুসের মতে, ওই একটি মুহূর্ত ছাড়া পুরো ম্যাচেই ভালো খেলেছে তার দল।
তিনি বলেন,‘ প্রথমার্ধের একটি মুহূর্ত ছাড়া, আমার মনে হয়, আজকে আমরা খুবই ভালো ম্যাচ খেলেছি। ওই মুহূর্তটিতে আমরা মনোযোগ হারিয়েছিলাম, ফোকাসড ছিলাম না। বিশ্বকাপে ভুল করলে এর মাশুল দিতে হয়। ওই ভুল ছাড়া, আমরা খুবই ভালো খেলেছি। দ্বিতীয়ার্ধে আমরা চেকিয়ার ওপর আধিপত্য বিস্তার করেছি এবং তারা কেবল সামনে থাকা লম্বা স্ট্রাইকারদের উদ্দেশ্যে লং বল বাড়িয়ে দেওয়া ছাড়া আর কিছুই করতে পারেনি।’
মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা দক্ষিণ আফ্রিকার এখনও সুযোগ আছে পরের ধাপে খেলার। গ্রুপ পর্বে তাদের শেষ প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, যারা চেকিয়ার বিপক্ষে জয় দিয়ে আসর শুরুর পর মেক্সিকোর সঙ্গে হেরেছে।
এভাবে খেলে যেতে পারলে নিজেদের পরের ধাপে খেলার উজ্জ্বল সম্ভাবনা দেখছেন ব্রুস,‘ আমার মনে হয়, আজকে আমাদের আরও ভালো কিছু প্রাপ্য ছিল। কারণ মাঝেমধ্যে ভাগ্য পাশে থাকা প্রয়োজন। তবে আমরা যদি এইভাবে খেলে যেতে পারি এবং আজকের মতো পারফরম্যান্স উপহার দিতে পারি, তাহলে পরের ধাপে যাওয়ার সুযোগ আমাদের থাকবে।’