এক বৈঠকের ছবি ঘিরে আলোচনায় সামান্তা শারমিন, জানালেন সিদ্ধান্ত ডিসেম্বরের পর

এনসিপি থেকে পদত্যাগের পর মাহফুজ আলম, তাসনিম জারা ও জেডিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সামান্তা শারমিন। কোনো দল বা পক্ষের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেবেন ডিসেম্বরের পর।

এক বৈঠকের ছবি ঘিরে আলোচনায় সামান্তা শারমিন, জানালেন সিদ্ধান্ত ডিসেম্বরের পর
জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) নামের একটি নতুন দলের সঙ্গে বৈঠকে সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করার পর ‘নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে’ বিভিন্ন রাজনৈতিক দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা শুরু করেছেন সামান্তা শারমিন। এর অংশ হিসেবে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) নামের একটি নতুন দলের সঙ্গে তাঁর বৈঠকের ছবি ঘিরে আলোচনা তৈরি হয়েছে। তিনি এই দলে যোগ দিচ্ছেন কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।

তবে সামান্তা শারমিন জানিয়েছেন, আপাতত তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছেন। আলোচনাগুলো শেষ হতে হতে ডিসেম্বর মাস পেরিয়ে যেতে পারে। কোনো দল বা পক্ষের সঙ্গে যুক্ত হবেন কি না, সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন ডিসেম্বরের পর।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা জাতীয় নাগরিক কমিটি গঠন করলে এর মুখপাত্র হিসেবে বিভিন্ন কর্মসূচি, জনসংযোগ, টেলিভিশনের টক শোসহ নানা মাধ্যমে প্রতিনিধিত্ব করেন সামান্তা শারমিন। এর মধ্য দিয়ে কিছুদিনের মধ্যেই পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করলে এই দলের শীর্ষ পর্যায়েও জায়গা করে নেন তিনি, পান দলে প্রতিষ্ঠাকালীন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ডিসেম্বরে এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হলে দলে কার্যত নিষ্ক্রিয় হয়ে যান সামান্তা শারমিন। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ থেকেও তিনি সরে যান। তবে তিনি দল ছাড়েননি। পরে গত ২৩ অক্টোবর এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত হলে সেখানে কার্যত সামান্তার ‘পদাবনতি’ হয়। পুনর্গঠিত কমিটিতে সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক থেকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এর ১৩ দিন পর ৫ নভেম্বর তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন। পদত্যাগের পর থেকেই বিভিন্ন দল ও পক্ষের সঙ্গে আলোচনায় বসছেন সামান্তা।

মাহফুজ, জারার সঙ্গেও বৈঠক

গতকাল মঙ্গলবার রাতে জেডিপির পলিটিক্যাল কাউন্সিলের (রাজনৈতিক পর্ষদ) সঙ্গে আলোচনার ছবি ফেসবুকে পোস্ট করেন সামান্তা। ক্যাপশনে তিনি লেখেন, ‘নতুন রাজনৈতিক শক্তির সন্ধানের অংশ হিসেবে জেডিপির নবনির্বাচিত পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে সামান্তা শারমিনের একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’ এরপরই এনসিপির পদত্যাগী নেত্রী সামান্তা এই দলে যুক্ত হচ্ছেন কি না, সেই আলোচনা সামনে আসে।

জেডিপির আত্মপ্রকাশ হয় গত ৩ এপ্রিল। নেতৃত্বে আছেন নাঈম আহমাদ। নাঈম এর আগে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন।

তবে জেডিপির আগে গত কয়েক দিনে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন সামান্তা শারমিন। তাঁদের মধ্যে আছেন অল্টারনেটিভসের সংগঠক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, চিকিৎসক ও তরুণ রাজনীতিক তাসনিম জারা ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য অনিক রায়।

এ বিষয়ে সামান্তা শারমিন আজ বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘অনেকেই যোগাযোগ করে বসতে চেয়েছিলেন। আমি তাঁদের সঙ্গে বসছি। যেসব ব্যক্তির সঙ্গে বসছি, তাঁরা যদি মনে করেন যে প্রকাশ করা যাবে না, সে ক্ষেত্রে প্রকাশ করছি না। যাঁরা যোগাযোগ করেছেন, সবার সঙ্গেই বসতে চাই। এর আগেও চার-পাঁচটি মিটিং করেছি। দল হিসেবে জেডিপির সঙ্গেই প্রথম বসলাম। আগামীকাল বৃহস্পতিবারও একটি দলের সঙ্গে মিটিং আছে।’

তবে এখনো কোনো আলোচনাই কারও সঙ্গে যুক্ত হওয়ার পর্যায়ে যায়নি বলে উল্লেখ করে সামান্তা বলেন, ‘আলোচনাগুলো শেষ হতে ডিসেম্বর মাসটা লাগবে। এরপর কোনো দল বা পক্ষের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।’

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: প্রথম আলো · রাজনীতি