ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নবনির্মিত ফায়ারিং রেঞ্জে অস্ত্রচালনা ও নিশানা প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি অত্যাধুনিক একটি পিস্তল হাতে তুলে নেন এবং সেটি দিয়ে নিজে নিশানা পরীক্ষা করেন।
বৃহস্পতিবার (১৮ জুনু) এসএসএফের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি সেখানে যান। এ সময় তিনি ফায়ারিং রেঞ্জে দায়িত্বরত এসএসএফ সদস্যদের নিয়মিত অস্ত্রচালনা ও নিখুঁত নিশানাভেদের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমটি গভীর মনোযোগের সাথে প্রত্যক্ষ করেন।
পরিদর্শন শেষে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসএসএফ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেন।
তারেক রহমান বলেন, ‘দেশের ভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকা এই এলিট বাহিনীর প্রত্যেক সদস্যকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক অস্ত্রে দক্ষ হতে হবে।’ তিনি আরও বলেন, ‘নবনির্মিত এই ফায়ারিং রেঞ্জ বাহিনীর সদস্যদের সক্ষমতা আরও বহুগুণ বাড়িয়ে দেবে।’
পরে প্রধানমন্ত্রী এসএসএফ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বাহিনীর উচ্চ পেশাদারত্ব, প্রশ্নাতীত দক্ষতা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের সদা প্রস্তুতির ভূয়সী প্রশংসা করেন।