গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাগানবাড়ি এলাকার রায়েরচালা বাজারে হাফেজ ক্বারী মো. আব্দুল আলীম রুহির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, আব্দুল আলীমের চলাফেরা ও বিভিন্ন কর্মকাণ্ডে তারা অসন্তুষ্ট। এ সময় তার বিরুদ্ধে আপন বোন সালমা আক্তার, বোনজামাই মুমিন ও বড় ভাইয়ের স্ত্রী লিপি আক্তারকে মারধর ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগও তোলা হয়। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
স্থানীয়দের অভিযোগ, বাগানবাড়ি এলাকায় আব্দুল আলীম ‘দারুল আকরাম মহিলা মাদ্রাসা’ পরিচালনা করেন। মাদ্রাসার নাম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে অনুদান সংগ্রহ করে তা ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগও করেন তারা।
মানববন্ধন থেকে এসব অভিযোগ তদন্ত করে সত্যতা যাচাই এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন পরিবারের সদস্য ও এলাকাবাসী।
তবে এসব অভিযোগের বিষয়ে হাফেজ ক্বারী মো. আব্দুল আলীম রুহির বক্তব্য জানা যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।