মোহাম্মদ মাহবুব হোসাইন
প্রতি বছর ১১ নভেম্বর ফ্রান্সে গভীর মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় আর্মিস্তিস দিবস। ফরাসি ভাষায় দিনটি ‘জুর দ্য লার্মিস্তিস’ নামে পরিচিত। এটি ফ্রান্সের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় স্মরণদিবস। ১৯১৮ সালের ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের পশ্চিম রণাঙ্গনে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলা এক ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসানের মধ্য দিয়ে ইউরোপে শান্তির নতুন প্রত্যাশা তৈরি হয়। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণেই প্রতিবছর ১১ নভেম্বর ফ্রান্সে এই দিবস পালন করা হয়।
আর্মিস্তিস দিবস কেবল একটি যুদ্ধবিরতির বার্ষিকী নয়। এটি লাখ লাখ সৈনিকের আত্মত্যাগ, অসংখ্য পরিবারের স্বজন হারানোর বেদনা, জাতীয় ইতিহাসের স্মৃতি এবং মানবতার প্রতি শ্রদ্ধা জানানোর দিন। একই সঙ্গে এই দিবস বিশ্ববাসীকে যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানায়।
প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় ১৯১৪ সালের জুলাই মাসে। ইউরোপের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, সামরিক জোট, সাম্রাজ্যবাদী স্বার্থ এবং জাতীয়তাবাদী উত্তেজনা ক্রমে সংঘাতের রূপ নেয়। অস্ট্রিয়া-হাঙ্গেরির যুবরাজ আর্চডিউক ফ্রানৎস ফার্দিনান্দ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। একের পর এক রাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ে। একদিকে ছিল জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি ও তাদের মিত্ররা, অন্যদিকে ছিল ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া এবং পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রসহ মিত্রশক্তি।
এই যুদ্ধে ফ্রান্স ছিল অন্যতম প্রধান যুদ্ধক্ষেত্র। বিশেষ করে উত্তর ও পূর্ব ফ্রান্সের বিস্তীর্ণ অঞ্চল যুদ্ধের ভয়াবহতায় বিপর্যস্ত হয়ে পড়ে। ভার্দ্যাঁ, সোমসহ বিভিন্ন স্থানে সংঘটিত যুদ্ধে বিপুলসংখ্যক সৈনিক নিহত ও আহত হন। দীর্ঘদিন ধরে চলা পরিখাযুদ্ধ, কামানের গোলাবর্ষণ, বিষাক্ত গ্যাস এবং আধুনিক অস্ত্রের ব্যবহার যুদ্ধকে আরও ভয়াবহ করে তোলে। অসংখ্য শহর ও গ্রাম ধ্বংস হয়, কৃষিজমি অনাবাদি হয়ে পড়ে এবং সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে যায়।
১৯১৮ সালের দিকে জার্মানির সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে মিত্রশক্তির সামরিক অগ্রগতি এবং যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ যুদ্ধের গতিপথ পরিবর্তন করে। শেষ পর্যন্ত জার্মানি যুদ্ধবিরতিতে সম্মত হয়।
১৯১৮ সালের ১১ নভেম্বর ভোরে ফ্রান্সের কম্পিয়েন অরণ্যে একটি রেলগাড়ির কামরায় মিত্রশক্তি ও জার্মান প্রতিনিধিদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। সকাল ৫টা ১৫ মিনিটে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী একই দিন সকাল ১১টা থেকে পশ্চিম রণাঙ্গনে যুদ্ধ বন্ধ হয়। ইতিহাসে এই মুহূর্তটি বিশেষভাবে পরিচিত; ‘এগারোতম মাসের এগারোতম দিনের এগারোতম ঘণ্টা’ হিসেবে। এই সময় থেকেই প্রথম বিশ্বযুদ্ধের পশ্চিম রণাঙ্গনে অস্ত্রের গর্জন থেমে যায়।
তবে উল্লেখযোগ্য যে, ১১ নভেম্বরের যুদ্ধবিরতি প্রথম বিশ্বযুদ্ধের সামরিক সংঘর্ষ বন্ধ করলেও আনুষ্ঠানিক শান্তিচুক্তি ছিল না। পরবর্তী সময়ে ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে জার্মানির সঙ্গে আনুষ্ঠানিক শান্তিচুক্তি সম্পন্ন হয়।
যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়ার পর ফ্রান্সের বিভিন্ন শহরে মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়। দীর্ঘদিনের আতঙ্ক, অনিশ্চয়তা ও রক্তক্ষয়ী সংঘর্ষের অবসানের প্রত্যাশায় মানুষ রাস্তায় নেমে আসে। কিন্তু সেই আনন্দের পাশাপাশি ছিল গভীর শোক। কারণ অসংখ্য পরিবার তাঁদের প্রিয়জনকে হারিয়েছিল। অনেক সৈনিক আর কখনো ঘরে ফিরে আসেননি। যারা ফিরে এসেছিলেন, তাঁদের অনেকেই শারীরিক প্রতিবন্ধকতা ও মানসিক আঘাত নিয়ে বাকি জীবন কাটিয়েছেন। তাই ফ্রান্সে ১১ নভেম্বর আনন্দের চেয়ে স্মরণ, শ্রদ্ধা ও আত্মত্যাগের উপলব্ধির দিন হিসেবে বেশি গুরুত্ব পেয়েছে।
ফ্রান্সে এই দিবসের আনুষ্ঠানিক গুরুত্ব প্রতিষ্ঠিত হয় যুদ্ধের পরবর্তী সময়ে। ১৯২২ সালে ১১ নভেম্বরকে জাতীয় স্মরণদিবস ও সরকারি ছুটির দিন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তী সময়ে এর তাৎপর্য আরও বিস্তৃত হয়। ২০১২ সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধের নিহতদের পাশাপাশি বিভিন্ন যুদ্ধে ফ্রান্সের জন্য প্রাণ উৎসর্গকারী সামরিক ও বেসামরিক নাগরিকদের স্মরণেও দিনটি পালন করা হয়।
প্রতিবছর ১১ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে রাষ্ট্রীয় পর্যায়ে প্রধান স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে শঁজেলিজে সড়কের শেষ প্রান্তে অবস্থিত আর্ক দ্য ত্রিয়ঁফ বা বিজয় তোরণকে কেন্দ্র করে অনুষ্ঠানের গুরুত্ব সবচেয়ে বেশি। সেখানে অবস্থিত অজ্ঞাতনামা সৈনিকের সমাধি ফরাসি জাতীয় স্মৃতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক। প্রথম বিশ্বযুদ্ধে নিহত অসংখ্য সৈনিকের মধ্যে যাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তাঁদের সম্মিলিত স্মৃতির প্রতিনিধিত্ব করে এই সমাধি।
১৯২৩ সাল থেকে এই সমাধির ওপর চিরন্তন শিখা জ্বলছে। প্রতিদিন সন্ধ্যায় শিখাটি পুনরায় প্রজ্বলিত করার ঐতিহ্য রয়েছে। ১১ নভেম্বরের বিশেষ অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রপতি সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং অজ্ঞাতনামা সৈনিকের প্রতি শ্রদ্ধা জানান। সামরিক বাহিনীর সদস্য, সরকারি প্রতিনিধি, প্রবীণ যোদ্ধা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয় এবং জাতীয় পতাকা ও সামরিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শুধু প্যারিসেই নয়, ফ্রান্সের প্রতিটি অঞ্চল, শহর ও পৌরসভায় ১১ নভেম্বর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় যুদ্ধস্মৃতিস্তম্ভে ফুল দেওয়া হয়। এসব স্মৃতিস্তম্ভে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ বিভিন্ন সংঘাতে নিহত স্থানীয় বাসিন্দা ও সৈনিকদের নাম খোদাই করা রয়েছে। স্থানীয় প্রশাসন, সাবেক সৈনিকদের সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ নাগরিকেরা এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনেক স্থানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিহতদের নাম পাঠ করে এবং ইতিহাসভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মকে যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানানো হয়।
ফ্রান্সের শিক্ষাব্যবস্থায়ও আর্মিস্তিস দিবসের বিশেষ গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীদের প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস, যুদ্ধের কারণ, মানবিক বিপর্যয় এবং শান্তির প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। এর মাধ্যমে নতুন প্রজন্মকে বোঝানো হয় যে, ইতিহাস কেবল অতীতের ঘটনা জানার বিষয় নয়; বরং অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
আর্মিস্তিস দিবসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক সংহতি ও মানবিক মূল্যবোধ। প্রথম বিশ্বযুদ্ধ শুধু ফ্রান্স বা ইউরোপের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ব্রিটিশ সাম্রাজ্য, ভারতীয় উপমহাদেশ, আফ্রিকা, এশিয়া এবং বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর বহু সৈনিকও ইউরোপসহ বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। তাঁদের অবদান ও আত্মত্যাগও প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাই এই স্মরণদিবসের তাৎপর্য শুধু ফরাসি জাতীয় ইতিহাসে সীমাবদ্ধ নয়; এটি আন্তর্জাতিক ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
আজকের বিশ্বেও আর্মিস্তিস দিবসের প্রাসঙ্গিকতা অপরিসীম। বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ, রাজনৈতিক সংঘাত, বাস্তুচ্যুতি, মানবিক সংকট ও নিরীহ মানুষের প্রাণহানি অব্যাহত রয়েছে। আধুনিক প্রযুক্তি ও সামরিক শক্তির উন্নতির ফলে যুদ্ধের ধ্বংসাত্মক ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। এমন বাস্তবতায় ১১ নভেম্বরের স্মরণদিবস আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধের প্রকৃত মূল্য বহন করতে হয় সাধারণ মানুষকে। একটি যুদ্ধের ক্ষত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না; তা প্রজন্মের পর প্রজন্ম মানুষের জীবন, সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির ওপর প্রভাব ফেলে।
ফ্রান্সের আর্মিস্তিস দিবস তাই আমাদের কাছে একটি গভীর মানবিক শিক্ষা। অতীতের আত্মত্যাগকে সম্মান জানানো যেমন জরুরি, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুদ্ধমুক্ত ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তোলার প্রচেষ্টাও সমান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে সংলাপ, কূটনীতি, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার বিকল্প নেই। জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা সত্ত্বেও মানবতার স্বার্থে সবাইকে শান্তির পক্ষে দাঁড়াতে হবে।
পরিশেষে বলা যায়, ১১ নভেম্বর ফ্রান্সের আর্মিস্তিস দিবস কেবল ১৯১৮ সালের একটি যুদ্ধবিরতির স্মৃতিচারণ নয়। এটি ইতিহাসের কাছে দায়বদ্ধতা, আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা, মানবিক মূল্যবোধের চর্চা এবং বিশ্বশান্তির প্রত্যাশার এক অনন্য প্রতীক। প্যারিসের আর্ক দ্য ত্রিয়ঁফের নিচে অজ্ঞাতনামা সৈনিকের সমাধিতে জ্বলতে থাকা চিরন্তন শিখা যেন প্রতিনিয়ত বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেয়; যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে শিক্ষা নিয়ে শান্তির পথ নির্মাণ করাই মানবসভ্যতার অন্যতম বড় দায়িত্ব। অতীতের রক্তক্ষয়ী ইতিহাস যেন ভবিষ্যতের জন্য শান্তি, সহমর্মিতা ও মানবতার প্রেরণা হয়ে থাকে।
যুদ্ধের স্মৃতি কখনো বিস্মৃত হওয়ার নয়; সেই স্মৃতি থেকে শিক্ষা নিয়ে শান্তির পৃথিবী গড়ে তোলাই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।
লেখক:
ফ্রান্স থেকে সাংবাদিক ও মানবাধিকার কর্মী





