গাঁজা সেবনের অপরাধে দুইজনকে জেলহাজতে প্রেরণ
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৫৭ পিএম (ভিজিট : ০)

X
দুইজনকে জেলহাজতে প্রেরণ
পাবনার আটঘরিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকেই ৩ মাস করে কারাদণ্ড প্রদান করেছে আদালত।
সোমবার আটঘরিয়া থানা পুলিশের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক হন মোঃ মেহেদী হাসান (৪২), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক, সাং- আটঘরিয়া ব্র্যাকপাড়া এবং মোঃ গাফ্ফার মিয়া (৩৫), পিতা- মোঃ ইমারাত আলী, সাং- লক্ষণপুর, থানা- আটঘরিয়া, জেলা- পাবনা।
পরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় উভয় আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাদের আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালতের রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটঘরিয়া থানার ওসি নাজমুল হক জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।