গ্যাজেট কেনার পর আনবক্সিংয়ে যে ভুল নয়!

গ্যাজেট কেনার পর আনবক্সিংয়ে যে ভুল নয়!

অনলাইন শপিং আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে তুলেছে। ঘরে বসেই স্মার্টফোন, ল্যাপটপসহ প্রয়োজনীয় নানা পণ্য কেনা যাচ্ছে। তবে অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে কিছু ঝুঁকিও রয়েছে। বিশেষ করে নতুন গ্যাজেট হাতে পাওয়ার পর তাড়াহুড়া করে বাক্স খুলে ব্যবহার শুরু করলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

বর্তমানে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো পণ্য ফেরত ও পরিবর্তনের ক্ষেত্রে বেশ কিছু কঠোর নিয়ম অনুসরণ করে। পার্সেল থেকে ভাঙা ফোন, নকল পণ্য কিংবা অচল ডিভাইস পাওয়ার পর যথাযথ প্রমাণ দেখাতে না পারলে অনেক ক্ষেত্রেই অভিযোগ গ্রহণ করতে চায় না বিক্রেতা প্রতিষ্ঠান। এ ধরনের পরিস্থিতিতে সবচেয়ে কার্যকর প্রমাণ হতে পারে একটি নিরবচ্ছিন্ন আনবক্সিং ভিডিও। তবে ভিডিও ধারণের সময় কিছু সাধারণ ভুলের কারণে আপনার অভিযোগ বাতিলও হতে পারে।

তাই নতুন স্মার্টফোন বা ল্যাপটপ হাতে পাওয়ার পর আনবক্সিংয়ের সময় কয়েকটি বিষয় অবশ্যই ভিডিওতে ধারণ করা জরুরি।

পার্সেলের ছয় দিক ভালোভাবে ধারণ করুন

ভিডিও রেকর্ডিং শুরুর পর প্রথমেই কুরিয়ার প্যাকেটের ছয়টি দিক ক্যামেরায় স্পষ্টভাবে দেখাতে হবে। এতে বোঝা যাবে, প্যাকেটটি আগে থেকেই কোথাও কাটা বা খোলা ছিল কি না। এরপর প্যাকেটের গায়ে থাকা শিপিং লেবেলটি ক্যামেরার সামনে ধরতে হবে। খেয়াল রাখতে হবে, সেখানে থাকা অর্ডার আইডি ও ট্র্যাকিং নম্বর যেন স্পষ্টভাবে দেখা যায়।

বাইরের প্যাকেট খোলার পর ভেতর থেকে গ্যাজেটের মূল বাক্স বের করে সেটির ব্র্যান্ড সিল এবং পেছনে থাকা আইএমইআই ও সিরিয়াল নম্বর ক্যামেরায় ধারণ করুন। বাক্সের সিল আগে থেকেই কাটা বা আলগা থাকলে সেটিও ভিডিওতে পরিষ্কারভাবে দেখাতে হবে। এমন অবস্থায় বিষয়টি নথিবদ্ধ না করে বাক্স খোলা চালিয়ে যাওয়া ঠিক হবে না।

ডিভাইস চালুর আগে ভালোভাবে পরীক্ষা করুন

বাক্সের সিল খোলার পর ফোন বা ল্যাপটপ বের করেই চালু করবেন না। প্রথমে ডিভাইসটির চারপাশের বডি, স্ক্রিন, ক্যামেরার লেন্স এবং চার্জিং পোর্ট ভালোভাবে ক্যামেরায় দেখান।

পরিবহনের সময় চাপ লেগে স্ক্রিনে সূক্ষ্ম ফাটল কিংবা ডিভাইসের বডিতে বাঁক তৈরি হতে পারে। এসব ত্রুটি আগে থেকে ভিডিওতে ধারণ না করলে পরবর্তী সময়ে বিক্রেতা প্রতিষ্ঠান দাবি করতে পারে, ব্যবহারের সময় ডিভাইসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া বাক্সের ভেতরে থাকা চার্জার, কেবল ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীও একে একে ক্যামেরার সামনে দেখাতে হবে। অনেক সময় চার্জার অনুপস্থিত থাকে কিংবা আসল কেবলের পরিবর্তে নিম্নমানের কেবল দেওয়া হয়। ভিডিওতে এসব বিষয় স্পষ্ট থাকলে অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া সহজ হবে।

ভিডিওতে কোনো বিরতি রাখা যাবে না

আনবক্সিং ভিডিও ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরো প্রক্রিয়াটি একটানা রেকর্ড করা। ভিডিওর মাঝখানে কোনো কাট, বিরতি বা সম্পাদনা রাখা যাবে না। এমনকি ডিভাইসটিকে কয়েক সেকেন্ডের জন্যও ক্যামেরার ফ্রেমের বাইরে নেওয়া উচিত নয়।

ভিডিওর মাঝখানে বিরতি থাকলে পণ্য পরিবর্তন বা ফেরত দেওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই ফোন বা ক্যামেরা স্ট্যান্ডে স্থির করে রাখতে পারেন। প্রয়োজনে পরিবারের অন্য কারও সহযোগিতাও নিতে পারেন।

ডিভাইসের বাইরের অংশ ও আনুষঙ্গিক সামগ্রী পরীক্ষা শেষ হলে ক্যামেরার সামনেই পাওয়ার বাটন চেপে সেটি চালু করুন। ফোন বা ল্যাপটপ চালু না হলে কিংবা স্ক্রিনে সবুজ বা হলুদ রেখার মতো ত্রুটি দেখা দিলে সেটিও ভিডিওতে স্পষ্টভাবে ধারণ করতে হবে। স্ক্রিনে হোম পেজ বা সেটআপ পেজ না আসা পর্যন্ত ভিডিও বন্ধ করা যাবে না।

সবশেষে মনে রাখতে হবে, কোনো ধরনের সম্পাদনা ছাড়া ধারণ করা একটানা আনবক্সিং ভিডিও পণ্য ফেরত বা পরিবর্তনের অভিযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক প্রমাণ হতে পারে। তাই অনলাইনে দামি গ্যাজেট কেনার পর কয়েক মিনিট সময় নিয়ে নিয়ম মেনে ভিডিও ধারণ করলেই ভবিষ্যতের সম্ভাব্য আর্থিক ক্ষতি এড়ানো সহজ হতে পারে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · তথ্য-প্রযুক্তি