চট্টগ্রাম নগরীর বাংলাবাজার এলাকায় রেলওয়ের একটি পরিত্যক্ত ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, বিকেল ৫টা ৪৭ মিনিটে পরিত্যক্ত বগিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২৬ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।