টানা চার দফা দাম কমানোর পর এবার দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সংগঠনটির নতুন নির্ধারিত মূল্য শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে টানা চার দফা সোনার দাম কমানো হলেও আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতির প্রভাবে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় জুয়েলার্স ব্যবসায়ীদের সংগঠনটি।
নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট সোনার এক ভরি কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। তবে এর সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট এবং গয়নার মজুরি আলাদাভাবে যুক্ত হবে।