বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে ফেরার ম্যাচ জয়ে রাঙাল অস্ট্রিয়া

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

গোলের পর অস্ট্রিয়ার ফুটবলারদের উল্লাস।

গোলের পর অস্ট্রিয়ার ফুটবলারদের উল্লাস।

বিশ্বকাপে ফেরার ম্যাচ জয় দিয়ে রাঙিয়ে রাখল অস্ট্রিয়া। অভিষেকে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত পারল না জর্ডান। স্যান ফ্রান্সিসকোয় বাংলাদেশ সময় বুধবার সকালে ‘জে’ গ্রুপের ম্যাচে ৩-১ গোলে জিতেছে অস্ট্রিয়া।

হোমানো শ্মিডের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অস্ট্রিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে আলি ওলওয়ানের গোলে সমতা ফেরায় জর্ডান। ইয়াজান আল আরবের আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় অস্ট্রিয়া। আর যোগ করা সময়ে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান মার্কো আর্নাতোভিচ।

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রিয়া। তবে স্কোর লাইন যেমন বলছে, ততটা সহজ ছিল না তাদের জয়। প্রায় পুরোটা সময় সমানে-সমান লড়াই করে জর্ডান। একটু ঢিমে তালে শুরু হওয়া ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় অস্ট্রিয়া। ডি বক্সের বাইরে বল পেয়ে গতিময় বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন শ্মিড। ফেরানোর কোনো সুযোগই ছিল না জর্ডান গোলরক্ষক ইয়াজিদ আবু লাইলার।

দুই মিনিট পরেই ম্যাচে ফিরতে পারত সমতা। ওলওয়ানের গতিময় শট গোলরক্ষকের হাতে লেগে ক্রসবার ছুঁয়ে বেরিয়ে যায় বাইরে! আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরায় জর্ডান। ওলওয়ানের শট পোস্টের ভেতর দিকে লেগে জড়ায় জালে। কিছুই করার ছিল না অস্ট্রিয়ার গোলরক্ষকের।

বাছাইয়ে জর্ডানের হয়ে সর্বোচ্চ গোলকরা ওলওয়ানের পা থেকেই এলো বিশ্বকাপে দেশটির প্রথম গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামেন আর্নাতোভিচ। ৬৭তম মিনিটে জালে বল পাঠান অস্ট্রিয়ার ইতিহাসের রেকর্ড গোলদাতা। তবে হ্যান্ডবলের জন্য মেলেনি গোল। ভিএআরের পরামর্শে টিভি মনিটরে দেখে হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি।

ম্যাচের ৭৬তম মিনিটে এগিয়ে যায় অস্ট্রিয়া। কর্নার থেকে আসা বলে লাফিয়েও হেড করতে পারেননি আর্নাতোভিচ। তার পেছনেই থাকা জর্ডানের সেন্টারব্যাক ইয়াজানের মাথা ছুঁয়ে বল যায় জালে। সমতা ফেরানোর জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যায় জর্ডান। কিন্তু অস্ট্রিয়ার জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। উল্টো যোগ করা সময়ের দ্বাদশ মিনিটে হজম করে আরেকটি গোল। ভিএআরের পরামর্শে টিভি রিপ্লেতে জর্ডানের আবু জারিকের হ্যান্ডবলে পেনাল্টি দেন রেফারি।

ঠাণ্ডা মাথার স্পট কিকে জাল খুঁজে নেন আর্নাতোভিচ। ১৯৯০ সালের পর প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রিয়া। ম্যাচের সমাপ্তিও ঘটে সেখানে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন