ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২২ জুন) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে পুশইন ইস্যু ও সাম্প্রতিক রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ ও বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া সরকারের ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক এবং ১১ দলীয় ঐক্যের চলমান রাজনৈতিক কর্মসূচি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বৈঠকে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নির্বাহী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়াও আগামী ২৬ জুন অনুষ্ঠেয় সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং নিদের্শনা দেওয়া হয়।
বৈঠকে নির্বাহী পরিষদের সদস্য ও দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য এ টি এম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, মাওলানা আব্দুল হালিম, মোয়াজ্জেম হোসেন হেলাল, মুহাম্মদ শাহজাহান, এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন, মো. শাহাবুদ্দিন, ড. মো. ইজ্জত উল্লাহ, মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসেন, মো. নুরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দিন, মো. শফিকুল ইসলাম মাসুদ, মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।