উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। মঙ্গলবার সকাল ১০টায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার সন্ধ্যায় প্রয়োজনীয় ডকুমেন্টস আমাদের কাছে আসে। এরপর দাপ্তরিক কার্যক্রম শেষ করে আজ সকাল ১০টায় আখতারুজ্জামানকে কারামুক্ত করা হয়েছে।’
আখতারুজ্জামান রঞ্জনের আইনজীবী দলের সদস্য আজিম উদ্দিন পাটোয়ারী জানান, গত রোববার হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আপিল করে। সোমবার আদালত ‘নো অর্ডার’ দেন। ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে।
আদালতের আদেশের পর প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম শেষ করে মঙ্গলবার সকালে তিনি কারাগার থেকে মুক্তি পান।
যেভাবে গ্রেপ্তার হয়েছিলেন
এর আগে গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামান রঞ্জনের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় পরদিন ২ অক্টোবর ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সূত্র: Daily Bangladesh · রাজনীতি





