জীবন অসাধারণ হতে হবে, এমন কোনো কথা নেই

জীবন টা হয়তো খুব একটা বদলায়নি বদলে গেছে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি এখন একঘেয়েমির মধ্যে ও আনন্দ খুঁজি,আর সাধারণ মুহূর্ত গুলোর মধ্যেই অসাধারণ ভাবে বেঁচে থাকার গল্প...

জীবন অসাধারণ হতে হবে, এমন কোনো কথা নেই

বর্তমানে আমাদের জীবনটা কখনো একঘেয়েমি,আবার একইসঙ্গে অদ্ভুত রকমের এনজয়েবল। প্রতিদিন প্রায় একই রুটিন, একই ব্যস্ততা, একই চেনা মানুষ, একই দায়িত্ব, একই গল্পের পুনরাবৃত্তি—তবুও এই একঘেয়ে জীবনটার প্রতিই যেন এক ধরনের মায়া তৈরি হয়ে গেছে।

জীবন টা হয়তো খুব একটা বদলায়নি বদলে গেছে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি এখন একঘেয়েমির মধ্যে ও আনন্দ খুঁজি,আর সাধারণ মুহূর্ত গুলোর মধ্যেই অসাধারণ ভাবে বেঁচে থাকার গল্প খুঁজে পাই।

একসময় মনে হতো, জীবনকে উপভোগ করতে হলে অনেক কিছু দরকার। নতুন কোনো জায়গা, নতুন অভিজ্ঞতা, অনেক আনন্দ, অনেক আয়োজন। এখন বুঝি, জীবনের সৌন্দর্য সবসময় বড় কোনো ঘটনার মধ্যে লুকিয়ে থাকে না।

কখনো কখনো চেনা দিনের ভেতরেও অচেনা আনন্দ খুঁজে পাওয়া যায়। এক কাপ কফি, জানালার পাশে বসে থাকা, প্রিয় কোনো গান, কিছু অর্থহীন অথচ ভীষণ আনন্দের আড্ডা, কিংবা নিজের সঙ্গে কাটানো নিরিবিলি কিছু সময়—এসবই জীবনকে সুন্দর করে তোলে।

আমাদের জীবন এখন দায়িত্ব আর ব্যক্তিগত ভালো লাগার এক অদ্ভুত সমন্বয়। ব্যস্ততা আছে, ক্লান্তি আছে, কিছু অপূর্ণতা আছে, আবার সেইসবের মাঝেই নিজের মতো করে বেঁচে থাকার আনন্দও আছে।

প্রতিদিন হয়তো নতুন কিছু ঘটে না, কিন্তু প্রতিটি দিনই কিছু না কিছু অনুভূতি রেখে যায়। কখনো ভালো লাগা, কখনো বিরক্তি, কখনো অকারণ হাসি, কখনো একটু নীরবতা।

সবচেয়ে মজার ব্যাপার হলো, এই একঘেয়ে জীবন থেকে মুক্তি চাইতে চাইতেই আবার এই চেনা রুটিনের কাছেই ফিরে আসতে ইচ্ছে করে। কারণ জীবনের কিছু একঘেয়েমির মধ্যেও নিরাপত্তা থাকে, শান্তি থাকে, আপন একটা অনুভূতি থাকে।

হয়তো এটাই পরিণত হওয়ার এক অদ্ভুত দিক—সবকিছুতে রোমাঞ্চ খোঁজার বদলে, যা আছে তার মধ্যেই আনন্দ খুঁজে নিতে শেখা।

জীবন সবসময় অসাধারণ হতে হবে, এমন কোনো কথা নেই। কখনো কখনো সাধারণ একটা দিন, কোনো বিশেষ ঘটনা ছাড়াই ভালো কেটে যাওয়া একটা বিকেল, কিংবা দিন শেষে নিজের মনটা ভালো থাকা—এগুলোই যথেষ্ট।

জীবনটা হয়তো খুব বেশি একটা বদলায়নি, বদলে গেছে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি। এখন একঘেয়েমির মধ্যেও আনন্দ খুঁজি,আর সাধারণ মুহূর্তগুলোর মধ্যেই অসাধারণভাবে বেঁচে থাকার গল্প খুঁজে পাই।

লেখক : উর্মী রহমান সোনিয়া, প্রভাষক, গার্হস্থ্য বিজ্ঞান
ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ,কাটগড়া, মহেশপুর, ঝিনাইদহ।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · লাইফস্টাইল