ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাউছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. শাহাদাৎ হোসেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সনাক সদস্য ও ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বজলুর রশিদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদ। ঝালকাঠি পুলিশ সুপারের প্রতিনিধি শাখাওয়াত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিনুল ইসলাম মজুমদার, এবং টিআইবির এরিয়া ম্যানেজার মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, টিআইবির সনাক সদস্যসহ অন্যান্যরা।
সভায় জানানো হয়, টিআইবির পর্যবেক্ষণে ঝালকাঠির ৬৭টি সরকারি ওয়েব পোর্টালের মধ্যে মাত্র ১০টিতে শতভাগ তথ্য হালনাগাদ পাওয়া গেছে, আর ৩টিতে কোনো তথ্যই পাওয়া যায়নি। নোটিশ বোর্ড, খবর, কর্মকর্তা-কর্মচারী, সেবা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্যসহ বিভিন্ন ক্ষেত্রে হালনাগাদের ঘাটতি রয়েছে, বিশেষ করে নোটিশ ও খবর অংশের ব্যবহার তুলনামূলকভাবে কম।
সভায় তথ্য অধিকার আইন অনুযা য়ীতথ্য পাওয়ার প্রক্রিয়া, নাগরিকের অধিকার এবং সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েও আলোচনা করা হয়। এ সময় তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন সরকারি ওয়েব পোর্টালে তথ্য নিয়মিত হালনাগাদ ও নাগরিকদের জন্য সহজে তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।