ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) কর্মীদের সঙ্গে এক গ্রাহক পরিবারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষই একে-অপরের বিরুদ্ধে হামলার ও মারধরের অভিযোগ তুলেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কিসমত দৌলতপুর ধনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইএসডিও কর্মীদের অভিযোগ, বেলি আক্তার নামে এক গ্রাহকের বকেয়া কিস্তির টাকা আদায় করতে গেলে তাদের দুই থেকে তিনজন কর্মীকে অবরুদ্ধ করে রাখা হয় এবং মারধর করা হয়। বিষয়টি অফিসে জানানো হলে আরও কয়েকজন সহকর্মী ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করেন। এ সময় গ্রাহক পক্ষ ও তাদের সহযোগীরা সংঘবদ্ধভাবে হামলা চালালে বেশ কয়েকজন কর্মী আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের উদ্ধার করে।
অন্যদিকে, বেলি আক্তার ও তার পরিবারের সদস্যরা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ছয় মাসের জন্য ইএসডিও থেকে ৬০ হাজার টাকা ঋণ নেওয়া হয়েছিল এবং সুদের অর্থ পরিশোধ করা হয়েছে।
বেলি আক্তার জানান, ঘটনার দিন তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে বিশ্রামে ছিলেন। এ সময় ইএসডিওর নারী ও পুরুষ মাঠকর্মীরা তার ঘরে প্রবেশ করে স্বাক্ষরের জন্য অফিসে যেতে বলেন। তিনি অসুস্থতার কারণে পরদিন যাওয়ার কথা জানালে কয়েকজন কর্মী তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হলেও কোনো মারামারির ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।
পরিবারটির আরও অভিযোগ, পরে ইএসডিওর কর্মীরা মোটরসাইকেলের চাবি দিয়ে তাদের এক স্বজনকে আঘাত করেন। এর কিছুক্ষণ পরে প্রায় ১৫টি মোটরসাইকেলে ইএসডিওর লোকজন হাতে লাঠিসোটা নিয়ে এসে তাদের বাড়িতে হামলার চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসী তাদের অসদাচরণ দেখে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
ঘটনার পর উভয়পক্ষের প্রায় ২৫ জন নরী-পুরুষ আহত অবস্থায় বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ইএসডিওর কর্মীদের উদ্ধার করে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’