প্রচলিত ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে দেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হওয়ায় সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) ব্যবহার করে তেল কেনার প্রস্তাব গ্রহণ বন্ধ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিপিএম পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহের কোনো প্রস্তাব না দিতে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করেছে সংস্থাটি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মোহাম্মদ জাহিদ হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এর আগে ডিপিএম পদ্ধতিতে বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে তেল সরবরাহের প্রস্তাব নেওয়া হচ্ছিল।
তবে বর্তমানে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার মাধ্যমেই দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। ফলে ডিপিএম পদ্ধতিতে জ্বালানি তেল কেনার প্রয়োজনীয়তা কমে এসেছে বলে জানিয়েছে বিপিসি।
এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিপিএম পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহের কোনো প্রস্তাব দাখিল না করার জন্য সংশ্লিষ্ট সব সরবরাহকারী প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে।
এর আগে চলতি মাসে বিপিসি জানিয়েছিল, ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের সংকট হওয়ার আশঙ্কা নেই। একই সময়ে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য প্রচলিত আন্তর্জাতিক দরপত্র ও স্পট মার্কেটের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।