ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের গাইটাল এলাকার রাকুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী।
জেবুন নাহার শাম্মী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য নাগরিকদের সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। সম্প্রতি জেলায় ১১০ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ড্রেনে ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ডেঙ্গুর মশা প্রজননের অনুকূল পরিবেশ তৈরি হয়। তাই ড্রেনে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলার আহ্বান জানান তিনি।
পৌরসভার প্রশাসক আরও বলেন, পরিচ্ছন্নতার অভ্যাস পরিবার থেকেই গড়ে তুলতে হবে। সন্তানদেরও ছোটবেলা থেকে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন করতে হবে। একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শহর গড়তে পৌরসভা ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাহেব আলী, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন ইদু, আইনজীবী আবদুল্লাহ আল বুখারী ও ব্যবসায়ী জোনায়েদ পিন্টু।
পৌরসভার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার মোদক, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান,উপসহকারী প্রকৌশলী ফারুক আহমেদ, আজিজুল হক ও সারোয়ার জাহান চৌধুরী। এ ছাড়া রাকুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা বৈঠকে অংশ নেন।