ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজি, মারধরসহ একাধিক অভিযোগের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে তজুমদ্দিন থানা পুলিশের একটি দল মুচিবাড়ির কোনা থেকে আব্দুল গফুরকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
জানা গেছে, গফুর গত কয়দিন আগে মুচি বাড়ির কোনা বাজারে বাবুল নামে এক ব্যক্তিকে মারধর করে বৈদ্যুতিক শক দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১ টার দিকে তজুমদ্দিন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে মুচি বাড়ির কোনা বাজারের পশ্চিম মাথায় পুলিশকে গালিগালাজ করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ গফুরকে ধাওয়া করে। পরে তিনি পার্শ্ববর্তী সুপারি বাগানে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে বাগান থেকে গ্রেপ্তার করে পুলিশ।
তজুমদ্দিন থানার ওসি মিজানুর রহমান বলেন, মুচি বাড়ির কোনা বাজারে বাবুল নামে এক ব্যক্তিকে মারধর ও বৈদ্যুতিক শক দেয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় গফুরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরসহ একাধিক মামলা রয়েছে।
এছাড়াও চলতি বছরের সেপ্টেম্বর মাসে আব্দুল গফুরের বিরুদ্ধে কয়েকজনকে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগ ওঠে। এসব ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।