গাজীপুরের শ্রীপুরে এক শিক্ষিকার বাড়ির গেটের তালা ভেঙে স্বর্ণালংকার, রূপার অলংকার, নগদ টাকা ও মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে গেটের তালা ভাঙা ও ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।
ভুক্তভোগী পরিবারের দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে তালা দিয়ে পরিবারের সদস্যরা মাওনা কারওয়ান বাজারে যান। পরে দুপুর আড়াইটার দিকে বাড়িতে ফিরে গেটের তালা ভাঙা দেখতে পান। ঘরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান তারা। পরে আলমারির ড্রয়ারে রাখা স্বর্ণালংকার, রূপার অলংকার, নগদ টাকা ও একটি স্মার্টফোন খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন।
অভিযোগ অনুযায়ী, চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে প্রায় ১৩ আনা ওজনের স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ১ লাখ ৬২ হাজার টাকা, চার ভরি রূপার অলংকার, মূল্য প্রায় ৬৪ হাজার টাকা, নগদ ৭ হাজার টাকা এবং প্রায় ২৯ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন। সব মিলিয়ে চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৬২ হাজার টাকা।
ভুক্তভোগী পরিবারের সদস্য সিয়াম বলেন, বাড়ির গেটের তালা ভেঙে স্বর্ণালংকার, রূপার অলংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।