ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১০ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় দুটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেক জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসনভাঙ্গা চরের দক্ষিণ-পশ্চিম পাশে মাছ শিকার করা অবস্থায় ওইসব জেলেদের আটক করা হয়।
পরে একইদিন সন্ধ্যায় আটক জেলেদের তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিনের কাছে হাজির করা হয়। এরপর তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. রাকিব (২৭), আলাউদ্দিন (৪৯), রাব্বি (২০), মো. সুমন (৩২), মো. ইব্রাহিম (২৫), মনির (২৬), রুবেল (৪০), নিরব (২৯), যোবায়ের (২৭) ও মো. রাকিব (২৫)। এসব জেলেদের বাড়ি লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নদীতে অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্য করে মাছ শিকার করলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.