দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা, স্কলারশিপ ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে নাটোরে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৯ নভেম্বর) দুপুরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ অডিটোরিয়ামে ‘বাংলা টু কোরিয়ান একাডেমি’র উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা টু কোরিয়ান একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুর আলম মোল্লা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার শাকিল মাহমুদ, জিএম (এইচআর) মাসুদ আলম, ডিজিএম জাহিদুল ইসলাম এবং একাডেমি পরিচালক ওলি আহমেদ।
আলোচনা পর্বে বক্তারা বলেন, কারিগরি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীদের জন্যও দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও ফুল-ফ্রি স্কলারশিপ পাওয়ার ব্যাপক সুযোগ রয়েছে। কিন্তু সঠিক তথ্য ও দিকনির্দেশনার অভাবে দেশের অনেক মেধাবী শিক্ষার্থী এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সামনে দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির যোগ্যতা, স্কলারশিপ আবেদনের প্রক্রিয়া, পড়াশোনার পাশাপাশি কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানমূলক দক্ষতা অর্জনের বিস্তারিত দিক তুলে ধরা হয়। সেমিনারে শিক্ষার্থী ও স্থানীয় তরুণ-তরুনীরা অংশ নেন।
সূত্র: Daily Bangladesh





