চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), চীন, রাশিয়া ও ভারতের মতো উন্নয়ন–সহযোগীরা কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি। বড় উন্নয়ন–সহযোগীদের মধ্যে শুধু জাপান ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। এই সময়ে জাপানের প্রতিশ্রুতি ৩৫ লাখ ডলার। অবশ্য বড় উন্নয়ন–সহযোগীরা তাদের আগের প্রতিশ্রুত ঋণ ছাড় করেছে।
আজ সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জুলাই-সেপ্টেম্বর (প্রথম প্রান্তিক) মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে এ তথ্য দেওয়া হয়েছে।
বর্তমানে জাপান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে আগামী ৫ বছরে প্রায় ১৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি হওয়ার কথা আছে।
চলতি অর্থবছরে বিদেশি ঋণ ছাড়ে এগিয়ে আছে বিশ্বব্যাংক ও এডিবি। অর্থবছরের তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) সবচেয়ে বেশি ঋণ ছাড় করেছে বিশ্বব্যাংক। এই সংস্থাটি দিয়েছে ১৯ কোটি ৬৫ লাখ ডলার।
এরপরেই আছে এডিবি। এডিবি ওই তিন মাসে ১৬ কোটি ২১ লাখ ডলার দিয়েছে। তৃতীয় স্থানে থাকা ভারত দিয়েছে সাড়ে ১০ কোটি ডলার। রাশিয়া দিয়েছে ২ কোটি ডলার ও চীন দেড় কোটি ডলার।
ঋণছাড় অর্ধেকে নেমেছে
ইআরডির হিসাব অনুসারে, ঋণ শোধ বেড়েছে। ফলে ঋণ শোধের পরিমাণ অর্থছাড়ের দ্বিগুণের বেশি হয়ে গেছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) প্রায় ৬৬ কোটি ডলার দিয়েছে উন্নয়ন–সহযোগী সংস্থা ও দেশ, যা গত বছরের তুলনায় অর্ধেক। গত অর্থবছরে একই সময়ে ১১৫ কোটি ডলার ঋণ ছাড় হয়েছিল।
অন্যদিকে একই সময়ে আগে নেওয়া ঋণের সুদ ও আসল বাবদ প্রায় ১৩৫ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে। জুলাই-সেপ্টেম্বর মাসে বিদেশি ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে মাত্র ১২৭ কোটি ডলারের।
সূত্র: প্রথম আলো · অর্থনীতি





