আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার সারাদেশে ৩৩ হাজারের বেশি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা অন্তত এক হাজার বেড়েছে বলে জানান তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে পুলিশের নজরদারি থাকবে। পাশাপাশি পূজা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়নি। কোথাও ঝুঁকির আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদাবাজি ও অপরাধ দমনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, চাঁদাবাজির ক্ষেত্রে সরকার কোনো ছাড় দিচ্ছে না। অপরাধীদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ বাহিনীর কোনো ব্যর্থতা নেই বলেও দাবি করেন তিনি। প্রতিটি ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীর পরিচয় বিবেচনায় না নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
বিএনপিকে ঢালাওভাবে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঢালাও অভিযোগের বিষয়ে জনগণই বিচার করবে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা যায় না।
তবে পূজার আগে হিন্দু সম্প্রদায়ের নিরীহ কাউকে যেন অহেতুক হয়রানি বা গ্রেপ্তার করা না হয়, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানান সন্তোষ শর্মা। দেশের কয়েকটি স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেও মন্ত্রীকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে এরই মধ্যে নিরাপত্তা জোরদারের প্রস্তুতি নেওয়া হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ও সব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।